জনগণের সুস্বাস্থ্য নিশ্চিত করতে স্বাস্থ্যখাতে তৎপর কর্মযজ্ঞ শুরু হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

চাঁদপুর : স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, জনগণের সুস্বাস্থ্য নিশ্চিত করার প্রতিশ্রুতি অনুযায়ী সরকার ইতোমধ্যে প্রয়োজনীয় কাজ শুরু করেছে।

রোববার (৯ আগস্ট) দুপুরে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আকস্মিক পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, আমাদের প্রতিশ্রুতি অনুযায়ী জনগণের সুস্বাস্থ্য নিশ্চিত করব। এ জন্য যা যা করার প্রয়োজন, আমরা ইতোমধ্যে কাজ শুরু করে দিয়েছি। আমরা প্রতিজ্ঞা করছি, দেশকে উন্নত করব এবং স্বাস্থ্য বিভাগকে এগিয়ে নিয়ে যাব।

তিনি একই সঙ্গে পুরনো নানা অব্যবস্থাপনা দ্রুত ঠিক করে স্বাস্থ্যসেবার মান উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন বলে জানান।

সরকারি কর্মকর্তাদের অনুপস্থিতি ও সরঞ্জামের অযথা নষ্ট হওয়ার বিষয়টিকে গভীর উদ্বেগের কারণ হিসেবে উল্ল্যেখ করে মন্ত্রী বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলে স্বাস্থ্য বিভাগের বিভিন্ন সরঞ্জাম অযথা ফেলে রেখে নষ্ট করা হয়েছে। এছাড়া বিভিন্ন হাসপাতালে নানা ধরনের অব্যবস্থাপনা দেখা গেছে। এমন পরিস্থিতিতে দেশকে কতদিনে উন্নত করা সম্ভব হবে, তা বলা কঠিন।

মন্ত্রী জানান, আগামী সেপ্টেম্বর মাসের শেষের দিকে ব্যাপক পরিধিতে ফ্যামিলি প্ল্যানিং ক্যাম্পেইন পরিচালনা করা হবে। এই কর্মসূচির মাধ্যমে পরিবার পরিকল্পনার বিভিন্ন সরঞ্জাম সহজলভ্য করা হবে এবং জন্মহার কমানোর জন্য উদ্যোগ নেওয়া হবে।

চাঁদপুরের হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে মন্ত্রী সংশ্লিষ্ট হাসপাতালের সার্বিক অব্যবস্থা দেখে ক্ষোভ প্রকাশ করেন এবং স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনায় তেমনই অসন্তোষ ব্যক্ত করেন। দ্রুত ফলাফল ছাড়া অব্যবস্থাপনা চলবে না জানিয়ে তিনি দায়িত্বে অবহেলার অভিযোগে চাঁদপুর সিভিল সার্জন ডাঃ নুরে আলম দীনকে তাৎক্ষণিকভাবে বদলি করার নির্দেশ দেন।

পরিদর্শনে উপস্থিত ছিলেন চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক, জেলা প্রশাসক (ডিসি) আহমেদ জিয়াউর রহমান, সদর হাসপাতালের কর্তব্যরত কর্মকর্তা ও চিকিৎসকরা।

হাইমচর পরিদর্শনে আরও ছিলেন জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্যাহ সেলিম, হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়, হাইমচর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মাহমুদন্নবী মাছুম প্রমুখ।

চাঁদপুর স্বাস্থ্য পরিদর্শনের অংশ হিসেবে মন্ত্রী হাসপাতালের ভৌত অবকাঠামো, সরঞ্জামাদি এবং রোগীদের খাবার ও সেবার মান পর্যালোচনা করেন।

অভিযানের সময়ে তিনি স্থানীয় কর্মকর্তা-কর্মচারীদের প্রতি দ্রুততার সঙ্গে সমস্যাগুলো চিহ্নিত করে সমাধান করার নির্দেশ দেন এবং সরকারি সংকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় সমন্বয় ত্বরান্বিত করার আহ্বান জানান।

চিকিৎসা সেবার মান উন্নয়ন, সরঞ্জাম পুনরুদ্ধার ও পরিবার পরিকল্পনা কর্মসূচি বাস্তবায়নের মধ্য দিয়ে মন্ত্রণালয়কে এগিয়ে নিতে সরকারকে সময়োপযোগী পদক্ষেপ নেয়ার প্রত্যাশা প্রকাশ করেছেন মন্ত্রী।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম