চাঁদপুর: চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে পোড়া জিনিসপত্র পাওয়ার ঘটনায় সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে দুই মাদকসেবীকে শনাক্ত করা হয়েছে। পরে তাদের জেলা প্রশাসকের কার্যালয়ে ডেকে এনে শরীরে তল্লাশি চালানো হলে একজনের কাছ থেকে ইয়াবা ও অপরজনের কাছ থেকে গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দুজনকেই চার মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
জানা গেছে, গত ২৭ আগস্ট চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের রেকর্ড সংলগ্ন সিঁড়ির পাশে পোড়া জিনিসপত্র দেখতে পাওয়া যায়। বিষয়টি জানার পর ওই এলাকার সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ পর্যালোচনা করা হয়। ফুটেজে সেখানে দুই ব্যক্তির উপস্থিতি শনাক্ত করা হয়।
পরে সিসি ক্যামেরার ফুটেজে শনাক্ত হওয়া ওই দুই ব্যক্তিকে পর্যায়ক্রমে জেলা প্রশাসকের কার্যালয়ে ডেকে আনা হয়। তাদের শরীরে তল্লাশি চালালে পকেট থেকে ইয়াবা ও গাঁজা পাওয়া যায়। এরপর তাদের আটক করে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতে চাঁদপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) নাহিদ ইকবাল দুই মাদকসেবীকে চার মাস করে কারাদণ্ড দেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় চাঁদপুর জেলা পুলিশের সদস্য এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসকের কার্যালয় সূত্র জানায়, সিসি ক্যামেরার ফুটেজে শনাক্ত করার পর তাদের ডেকে এনে তল্লাশি করা হয়েছিল। অর্থাৎ, জেলা প্রশাসকের কার্যালয় থেকে সরাসরি তাদের আটক করা হয়নি; বরং ফুটেজের ভিত্তিতে শনাক্ত করে পরে ডেকে এনে মাদক পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হয়।
ফম/এমএমএ/



