চাঁদপুর: সড়কের গর্তে দুর্ভোগ, স্বেচ্ছাশ্রমে মেরামত করল বাগাদী সমাজসেবা ফাউন্ডেশনচাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের বাগাদী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের সামনের সড়কটি দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সৃষ্টি হয়েছিল বড় বড় গর্ত। এতে প্রতিদিনই দুর্ভোগ পোহাতে হচ্ছিল স্থানীয় বাসিন্দা ও পথচারীদের। অবশেষে জনদুর্ভোগ লাঘবে স্বেচ্ছাশ্রমে সড়কটির গর্তগুলো মেরামত করে দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘বাগাদী সমাজসেবা ফাউন্ডেশন’।
শুক্রবার (২১ আগস্ট) দুপুরে সংগঠনের সদস্যরা বালু ও ইটের খোয়া দিয়ে সড়কের বড় বড় গর্তগুলো ভরাট ও মেরামত করেন। এ কাজে সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
স্থানীয়রা জানান, বাগাদী উচ্চ বিদ্যালয় সংলগ্ন চাঁদপুর-রায়পুর সড়ক থেকে সড়কটি বাগাদী ইউনিয়নের বিভিন্ন এলাকার সঙ্গে সংযোগ স্থাপন করেছে। বিশেষ করে ঢালীঘাট এলাকাসহ ইউনিয়ন পরিষদ ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে যাতায়াতের জন্য সড়কটি গুরুত্বপূর্ণ। প্রতিদিন এ পথে বিপুলসংখ্যক মানুষ চলাচল করেন।
তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলজিইডির পক্ষ থেকে সড়কটি সংস্কার না করায় প্রাকৃতিক দুর্যোগ ও ভারী যানবাহন চলাচলের কারণে সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে যানবাহন চলাচলের পাশাপাশি পথচারীদেরও চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। স্থানীয় জনপ্রতিনিধিদের পক্ষ থেকে কার্যকর উদ্যোগ না নেওয়ায় পরিস্থিতি দিন দিন আরও খারাপ হচ্ছিল।
এমন পরিস্থিতিতে বাগাদী সমাজসেবা ফাউন্ডেশনের উদ্যোগে সড়কটির গর্ত মেরামত করায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরেছে। প্রশংসা কুড়িয়েছে সংগঠনটির এ উদ্যোগ।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করা, দরিদ্র ও অসহায় মানুষের কল্যাণ এবং আধুনিক সমাজ গঠনের লক্ষ্য নিয়ে ‘বাগাদী সমাজসেবা ফাউন্ডেশন’ বিভিন্ন সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। সদস্যদের সঞ্চিত অর্থ ও অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে সড়কটির মেরামত কাজ সম্পন্ন করা হয়েছে।
আগামীতেও সমাজকে আরও সুন্দর, সুশৃঙ্খল ও কল্যাণময় করে গড়ে তুলতে বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে সংগঠনটি। পাশাপাশি সমাজসেবামূলক এসব উদ্যোগে সকলের সহযোগিতা কামনা করেছে তারা।
ফম/এমএমএ/




