শিক্ষকরা সমাজ ও শিক্ষার্থীদের জন্য রোল মডেল

চাঁদপুর: ”শিক্ষকদের পাশে দাঁড়ানো, পেশা সুরক্ষা, এর মর্যাদা বৃদ্ধি এবং আমাদের ভবিষ্যৎ গঠনে ৬০ বছর”এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ৫অক্টোবর (সোমবার) সকালে সাড়ে ৯টায় চাঁদপুর সদর উপজেলা প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চাঁদপুর সদর উপজেলা মিলনায়তনে গিয়ে শেষ হয়।
পরে সকাল ১০টায় চাঁদপুর সদর উপজেলা মিলনায়তনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।
তিনি বলেন, শিক্ষকরা সমাজ ও শিক্ষার্থীদের জন্য রোল মডেল। আমরা এখানে যারা উপস্থিত আছি, সবাই যদি নিজেদের অতীতের কথা চিন্তা করি, তাহলে সর্বপ্রথম আমাদের শিক্ষাজীবন এবং স্কুলের শিক্ষকদের কথাই মনে পড়ে। শিক্ষার্থীরাও তাদের শিক্ষকদের কথা সারা জীবন ঘুরে ফিরে মনে রাখবে।
তিনি বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞান দিলেই হবে না, পড়াশোনার বাইরে শিক্ষার্থীদের সামাজিক শিক্ষা নিশ্চিত করতে হবে। শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকদের সুন্দর আচরণ করতে হবে এবং তাদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সৌহার্দ্য ও সামাজিক মূল্যবোধ গড়ে তুলতে হবে।
জেলা প্রশাসক বলেন, আমরা সবাই একে অপরের সঙ্গে হাসিমুখে কথা বলার চেষ্টা করব। একটি সুন্দর আচরণ ও পারস্পরিক সম্মান নিজেদের মধ্যে একটি সুন্দর সামাজিক বন্ধন তৈরি করে। শিক্ষকদের কাছ থেকে শিক্ষার্থীরা যেমন শিখবে, তেমনি শিক্ষার্থীদের কাছ থেকেও ভালো কিছু শেখার মানসিকতা থাকতে হবে।
তিনি আরও বলেন, প্রকৃতির মাঝে শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে শেখার সুযোগ করে দিতে ‘প্রকৃতি পাঠশালা’ চালুর বিষয়টি ইতোমধ্যে এসেছে। সেখানে শিক্ষার্থীরা প্রকৃতির মাঝে থেকে সামাজিক সম্প্রীতি, মূল্যবোধসহ বিভিন্ন বিষয়ে বাস্তব শিক্ষা লাভের সুযোগ পাবে। চাঁদপুরে খুব শিগগিরই এ ধরনের কার্যক্রম শুরু করার উদ্যোগ নেওয়া হবে।
আহমেদ জিয়াউর রহমান বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন শিক্ষক শুধু শ্রেণিকক্ষে পাঠদান করেন না, তিনি শিক্ষার্থীদের চরিত্র, মূল্যবোধ, সামাজিক দায়িত্ববোধ ও মানবিক গুণাবলি বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাই শিক্ষকদের পেশাগত মর্যাদা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার পাশাপাশি শিক্ষার্থীদের জন্য নিজেদের আদর্শ হিসেবে গড়ে তুলতে হবে।
তিনি বিশ্ব শিক্ষক দিবসের এ আয়োজনের সঙ্গে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে বলেন, এ ধরনের আয়োজন শিক্ষক সমাজের মর্যাদা ও তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে আলোচনা ও পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রুহুল্লাহ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাজমুন নাহার, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. এন. জামিউল হিকমা, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুহাম্মদ মোছাদ্দেক হোসেন।
চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী বক্তব্যে বলেন, শিক্ষকদের সম্মান ও মর্যাদার দিতে হবে। বর্তমান সরকার প্রাথমিকে মিড ডে মিল চালু করছে। মিড ডি মিল চালু করায় প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থী সংখ্যা বৃদ্ধি পেয়েছে।
পৃথিবীতে কোথাও পাঠ্যবই বিনামূল্যে দেওয়া হয় না, শুধু বাংলাদেশে বিনামূল্যে পাঠ্যবই দিচ্ছে সরকার। এটি শিক্ষা ক্ষেত্রে সরকারের একটি বড় সাফল্য। সরকার শিক্ষা ও শিক্ষকদের উন্নয়নে কাজ করছেন।
তিনি বলেন, শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জানানো কেবল একটি বিশেষ দিনের আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত নয়। শিক্ষকদের সব সময় সম্মান জানানো হয়। তাঁদের আসল সম্মান তখনই দেওয়া হবে, যখন আমরা তাঁদের দেখানো পথে চলব এবং একজন ভালো নাগরিক হিসেবে দেশের সেবায় নিজেদের নিয়োজিত করব। শিক্ষকদের আর্থিক ও সামাজিক মর্যাদা নিশ্চিত করতে হবে।
চাঁদপুর জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক মোহাম্মদ আজিজুল হকের পরিচালনায় উপস্থিত শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মমিনুল হক, আনোয়ারা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা জিয়াউদ্দিন খন্দকার।
বক্তারা শিক্ষকদের পেশাগত নিরাপত্তা, মর্যাদা বৃদ্ধি, শিক্ষার্থীদের নৈতিক ও সামাজিক মূল্যবোধ গড়ে তোলা এবং শিক্ষার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ ও মানবিক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা সভায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম