চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলাধীন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা এবং শিক্ষা প্রতিষ্ঠানসমূহে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে সদর উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা প্রশাসক (ডিসি) আহমেদ জিয়াউর রহমান ১৭২ শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন।
এ ছাড়াও হাই স্কুল পর্যায় দশটি শিক্ষা প্রতিষ্ঠানে ১০০টি দাবা বোর্ড বিতরনসহ মেধাবী শিক্ষার্থীদের হাতে এক বছরের জন্য বই ও শিক্ষা সামগ্রী তুলে দেন।
প্রধান অতিথি জেলা প্রশাসক বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশেও খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বিদ্যালয়ে নিয়মিত ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে শিক্ষার্থীদের সুস্থ, সৃজনশীল ও আত্মবিশ্বাসী হিসেবে গড়ে তুলতে হবে। প্রতি বৃহস্পতিবার বিদ্যালয় আঙ্গিককে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে।
সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএমএন জামিউল হিকমার সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আবু সাঈদ চৌধুরী, প্রাথমিক পর্যায় জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হোসনে আরা প্রমুখ।
পরে প্রধান অতিথি উপজেলার আয়োজনে সাঁতার প্রশিক্ষণ উদ্বোধন করেন। সাঁতার প্রশিক্ষণে ১৫ জন কিশোর কিশোরী অংশ নেয়। একই সঙ্গে তিনি সদর উপজেলা প্রাঙ্গনে বৃক্ষ রোপণ করেন।
এ সময় ইউএনও এসএমএন জামিউল হিকমা, উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রফিকুল হাসান ফয়সালসহ সংশ্লিষ্ট শিক্ষা বিভাগের কর্মকর্তা, বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।
বিদ্যালয়গুলোর শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ, সহশিক্ষা কার্যক্রম জোরদার এবং বিদ্যালয়ের সার্বিক পরিবেশ উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মতবিনিময় করা হয়।
ফম/এমএমএ/


