চাঁদপুর : চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের সাহেব বাজার এলাকায় নিজ ঘরে বিদ্যুতের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাসিবুল্লাহ (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) রাত আনুমানিক ৮টার দিকে ইউনিয়নের পশ্চিম সাপদী গ্রামের সেফায়েত উল্লাহর বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত হাসিবুল্লাহ ওই বাড়ির সেফায়েত উল্লাহর একমাত্র ছেলে।
বাড়ির লোকজন জানায়, সন্ধ্যায় নিজ ঘরে সিলিং ফ্যানের রেগুলেটর লাগানোর কাজ করছিলেন হাসিবুল্লাহ। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে হাসিবুল্লাহকে মৃত ঘোষণা করেন।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ বলেন, দূর্ঘটনার বিষয় জেনেছি। থানায় পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ দেয়নি। যে কারণে তারা হাসপাতাল থেকে মরদেহ বাড়িতে নিয়েগেছে।
ফম/এমএমএ/


