মাদকের ভয়াবহতা রুখতে চাঁদপুরে পুলিশের ব্যতিক্রমী উদ্যোগ

চাঁদপুর : মাদকমুক্ত সমাজ গঠন, মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং মাদকবিরোধী সামাজিক আন্দোলনকে আরও বেগবান করতে চাঁদপুর জেলার ৮ থানায় একযোগে মাদকবিরোধী র‌্যালি ও সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) বিকেলে চাঁদপুর জেলার পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমানের দিকনির্দেশনায় জেলার চাঁদপুর সদর মডেল, হাইমচর, হাজীগঞ্জ, ফরিদগঞ্জ, মতলব উত্তর, মতলব দক্ষিণ, শাহরাস্তি মডেল ও কচুয়া থানায় পৃথকভাবে এসব কর্মসূচি পালন করা হয়।

র‌্যালিতে সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জ ও পুলিশ কর্মকর্তাদের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষার্থী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। র‌্যালি শেষে আয়োজিত সভায় মাদকের ক্ষতিকর প্রভাব, মাদকাসক্তি প্রতিরোধ এবং মাদক ব্যবসা ও পাচারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়।

সভায় বক্তারা বলেন, শুধু আইন প্রয়োগের মাধ্যমে মাদক নির্মূল সম্ভব নয়; এর পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। মাদকবিরোধী সামাজিক আন্দোলনকে আরও জোরদার করার ওপরও গুরুত্ব দেন তারা।

চাঁদপুর জেলা পুলিশ জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনে ‘মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে পুলিশ দৃঢ়ভাবে কাজ করে যাচ্ছে।
ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম