মতলব দক্ষিণ (চাঁদপুর): চাঁদপুরের মতলব দক্ষিণে পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৫২ পিস ইয়াবা ট্যাবলেট ও এক পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। পরে গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা এবং অপর একজনকে মোবাইল কোর্টের মাধ্যমে এক মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। এর আগে রোববার (১৬ আগস্ট) রাতে মতলব দক্ষিণ উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান মানিক বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই সুজিত চন্দ্র দে সঙ্গীয় ফোর্স নিয়ে নারায়ণপুর গরুর বাজার এলাকায় অভিযান চালান। এ সময় মাছুয়াখাল গ্রামের আব্দুল মান্নানের ছেলে বোরহান উদ্দিন (৪৮)কে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়।
অপর একটি অভিযানে এসআই ইমতিয়াজ কবির সঙ্গীয় ফোর্স নিয়ে মতলব পৌরসভার কলাদী এলাকায় অভিযান চালিয়ে কলাদী মহল্লার তাজুল ইসলাম তালুকদারের ছেলে জিহাদ তালুকদার হৃদয় (২৬)কে ৩২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেন।
এ ছাড়া নারায়ণপুর এলাকায় অভিযান চালিয়ে সারপাড় গ্রামের ইদ্রিস ছিডুর ছেলে মো. রফিক (৩৫)কে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়।
একই দিন মতলব দক্ষিণ থানা পুলিশ ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্টে নারায়ণপুর এলাকার আব্দুল আলীর ছেলে আয়নাল হক মিয়াজী (২৫)কে এক পুরিয়া গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। পরে তাকে এক মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়।
মতলব দক্ষিণ থানার ওসি মো. হাফিজুর রহমান মানিক বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে এবং গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
ফম/এমএমএ/



