মোটরসাইকেলের ধাক্কা, দুই পা ভাঙল ৬ বছরের আহিলের

চাঁদপুর: চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় তানযীমুল উম্মাহ হিফজ মাদ্রাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। দুর্ঘটনায় শিশুটির দুই পায়ে ভাঙা শনাক্ত হওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে নেওয়া হয়েছে।

চাঁদপুরে মাদ্রাসার শিক্ষার্থীদের সঙ্গে বিনোদন শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে ছয় বছরের শিশু আহিল হোসেন। দ্রুতগতির একটি মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হয়ে বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন রয়েছে সে।

রোববার (৯ আগস্ট) বিকেলে চাঁদপুর-লক্ষ্মীপুর সড়কের নিজ গাছতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহিলের পরিবারের সদস্যরা জানান, রোববার বিকেলে তানযীমুল উম্মাহ হিফজ মাদ্রাসার পক্ষ থেকে শিক্ষার্থীদের বিনোদনের জন্য গাছতলা এলাকার একটি রেস্টুরেন্টে নেওয়া হয়। সেখানে খাবার শেষে সড়ক পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির মোটরসাইকেল আহিলকে ধাক্কা দেয়।

মোটরসাইকেলের ধাক্কায় শিশুটি সড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালের জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসার পর আহিলের এক্স-রে ও অন্যান্য পরীক্ষা করা হয়। চিকিৎসকেরা জানান, দুর্ঘটনায় তার দুই পায়েই ভাঙা রয়েছে। শিশুটির উন্নত চিকিৎসার প্রয়োজন হওয়ায় তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন চিকিৎসকেরা।

পরে পরিবারের সদস্যরা অ্যাম্বুলেন্সযোগে আহিলকে ঢাকায় নিয়ে যান।

আহিল হোসেন চাঁদপুর শহরের বটতলা পালপাড়া এলাকার প্রবাসী মঞ্জিল হোসেনের একমাত্র ছেলে। একমাত্র সন্তান সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে।

শিশুটির বাবা মঞ্জিল হোসেন বলেন, আহিল আমার একমাত্র সন্তান। তার দ্রুত সুস্থতার জন্য আমরা সবার কাছে দোয়া চাই।

এদিকে দুর্ঘটনার পর মোটরসাইকেলটি ও এর চালকের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানা যায়নি।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম