
চাঁদপুর: জুলাই গণঅভ্যুত্থান দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করেছে চাঁদপুর গণি মডেল উচ্চ বিদ্যালয়। দিবসটি উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বুধবার (৫ আগস্ট) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি, চাঁদপুর আইনজীবী সমিতির সভাপতি ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাড. সামছুল ইসলাম মন্টু।
তিনি তার বক্তব্যে বলেন, জুলাই গণঅভ্যুত্থান দেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই আন্দোলনের মধ্য দিয়ে নতুন প্রজন্মকে এ ইতিহাস জানতে হবে এবং দেশপ্রেম, সততা ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানে সফল নেতৃত্বেই এদেশ থেকে ফ্যাসিস্ট বিতারিত হয়েছে। প্রধানমন্ত্রীর সফল নেতৃত্বের কারণেই দেশ নতুন সম্ভাবনার পথে এগিয়ে যাচ্ছে। তাঁর নেতৃত্বে একটি বৈষম্যহীন, উন্নত ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে উঠবে। একইভাবে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিকের নেতৃত্বে চাঁদপুরে জুলাই আন্দোলনের চেতনা বাস্তবায়ন এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ড আরও বেগবান হয়েছে।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরও বলেন, মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং, ইভটিজিং ও সামাজিক অবক্ষয় থেকে নিজেদের দূরে রাখতে হবে। খেলাধুলা, সাহিত্য, সংস্কৃতি এবং সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত হয়ে দেশ ও সমাজের কল্যাণে নিজেদের প্রস্তুত করতে হবে। একজন সুশিক্ষিত মানুষই পারে একটি সমৃদ্ধ জাতি গঠনে কার্যকর ভূমিকা রাখতে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. নাজির আহম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনি রানী পাল, সুলতানা আক্তার, রত্না রানী রায়, রোকেয়া আক্তার, মুহাম্মদ রাকিবুল হাসান, রওশন আরা, মো. আবুল বাশার, তনু দাস, মাহমুদুল হাসান, বিপ্লব দাস, মো. বশির উল্যা পাটওয়ারী, মো. সাইফুল ইসলাম, মো. মাহাবুব আলম, দীপা সরকার, মো. আব্দুল ওয়াহেদ, মো. সারওয়ার মোর্শেদ, মো. আলমগীর হোসেন, মো. আব্দুল কুদ্দুস, মন্দিরা দেব, ফাহাদ আলী, মো. বিল্লাল হোসেন, রায়হান ঢালী, রায়হান হোসেন, মো. আল-আমিন কাজী, কার্ত্তিক হেলা ও দীপ সরকারসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা।
দিবসটি উপলক্ষে চাঁদপুর গণি মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি অ্যাড. সামছুল ইসলাম মন্টু ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজির আহম্মদসহ অন্যান্য শিক্ষকরা।
সবশেষ পর্যায়ে জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের রুহের মাগফিরাত, আহতদের দ্রুত সুস্থতা, দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও অব্যাহত উন্নয়ন কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা মো. আবুল বাশার।
ফম/এমএমএ/



