বিদেশে পাঠানোর নামে প্রতারণার অভিযোগে এক ব্যাক্তি আটক

চাঁদপুর: চাঁদপুরে সৌদি আরবে চাকরির প্রলোভন দেখিয়ে একাধিক ব্যক্তির কাছ থেকে কয়েক লাখ টাকা আত্মসাতের অভিযোগে মানিক হোসেন (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
শনিবার (১ আগস্ট) রাতে চাঁদপুর শহরের চিত্রলেখা মোড় এলাকার গাজী বোর্ডিং থেকে তাকে আটক করা হয়। পরে চাঁদপুর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ও গাজী বোর্ডিংয়ের পরিচালক ফয়সাল আহমেদ বাহারের হস্তক্ষেপে অভিযুক্তকে চাঁদপুর সদর মডেল থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এর আগে একই দিনে চাঁদপুর সদর মডেল থানায় বিদেশে পাঠানোর নামে প্রতারণার অভিযোগে মানিক হোসেনের বিরুদ্ধে পৃথক তিনটি লিখিত অভিযোগ দায়ের করেন তিন ভুক্তভোগী।
অভিযুক্ত মানিক হোসেন ফরিদগঞ্জ উপজেলার রুস্তমপুর গ্রামের জহির উদ্দিন পাটওয়ারী বাড়ির বাসিন্দা মো. দেলোয়ার হোসেন পাটওয়ারীর ছেলে। অভিযোগে তার ব্যবহৃত মোবাইল নম্বর ০১৯৮৩-৭৩৬০৯০ উল্লেখ করা হয়েছে।
থানায় দায়ের করা অভিযোগে দক্ষিণ আশিকাটির বাসিন্দা সোনিয়া আক্তার জানান, তার স্বামী মো. মহসিন প্রধানীয়াকে সৌদি আরবে পাঠানোর আশ্বাস দিয়ে মানিক হোসেন প্রথমে নগদ ১ লাখ টাকা নেন। পরে তিন দিনের প্রশিক্ষণ ও মেডিকেল সম্পন্ন করানোর কথা বলে আরও ৫০ থেকে ৮০ হাজার টাকা দাবি করেন। সর্বশেষ গত ২৭ জুলাই বিকেল ৪টার দিকে ফোন করে আরও ২০ হাজার টাকা চান। টাকা দেওয়ার কথা বলে অভিযুক্তের অবস্থান জানতে চাইলে তিনি তা এড়িয়ে যান।
একই এলাকার বাসিন্দা মো. হাছান প্রধানীয়া অভিযোগ করেন, তাকে সৌদি আরবে পাঠানোর প্রতিশ্রুতি দিয়ে অভিযুক্ত তার কাছ থেকে ২ লাখ টাকা গ্রহণ করেন। এরপর তিন দিনের প্রশিক্ষণ ও মেডিকেল করানোর পাশাপাশি কয়েকটি খালি স্ট্যাম্পে স্বাক্ষরও নেন। পরে পাসপোর্ট চাইলে অভিযুক্তের আচরণে সন্দেহের সৃষ্টি হয়। বিশ্বস্ত সূত্রে জানতে পারেন মানিক হোসেন চাঁদপুর শহরের হাজী মহসিন রোডের গাজী বোর্ডিংয়ে অবস্থান করছেন। সেখানে গিয়ে তাকে আর পাওয়া যায়নি।
অপর অভিযোগকারী উত্তর আশিকাটির হোসেনপুর এলাকার লিটন প্রধানীয়া জানান, তার ছেলে নয়ন প্রধানীয়াকে সৌদি আরবে পাঠানোর কথা বলে মানিক হোসেন তার কাছ থেকে ১ লাখ ৫০ হাজার টাকা নেন। পরবর্তীতে প্রশিক্ষণ ও মেডিকেলের অজুহাতে আরও ৬০ থেকে ৭০ হাজার টাকা দাবি করেন। সর্বশেষ ফোন করে আরও ১০ হাজার টাকা চাইলে তার সন্দেহ হয়। পরে অভিযুক্তের অবস্থান জানতে চাইলে তিনি তা গোপন করেন।
ভুক্তভোগীরা অভিযোগ করেন, মানিক হোসেন দীর্ঘদিন ধরে বিদেশে পাঠানোর নামে বিভিন্ন মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন। বিভিন্ন সূত্রে তার অবস্থান চাঁদপুর শহরের চিত্রলেখা মোড় এলাকার গাজী বোর্ডিংয়ে রয়েছে জানতে পেরে তারা সেখানে যান এবং বিষয়টি গাজী বোর্ডিংয়ের পরিচালক ও জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহারকে অবহিত করেন। পরে শনিবার রাতে মানিক হোসেন গাজী বোর্ডিংয়ে এলে ফয়সাল আহমেদ বাহারের উদ্যোগে তাকে আটক করা হয়। খবর পেয়ে ভুক্তভোগীরা ঘটনাস্থলে এসে তাকে প্রতারক হিসেবে শনাক্ত করেন। পরে চাঁদপুর সদর মডেল থানার পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে নিজেদের হেফাজতে নেয়।
ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম