চাঁদপুর : তথ্যপ্রযুক্তিতে দক্ষতা বৃদ্ধির মাধ্যমে তরুণদের কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে দক্ষ করে গড়ে তোলার লক্ষ্যে চাঁদপুরে শুরু হয়েছে বিশেষ প্রশিক্ষণ কার্যক্রম।
‘তথ্যপ্রযুক্তি জ্ঞানসম্পন্ন যুবদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে দক্ষতা উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় এ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।
রোববার (২ আগস্ট) সকালে চাঁদপুর শহরের কুমিল্লা সড়কে উত্তরা ব্যাংক ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় অবস্থিত ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের চাঁদপুর শাখায় এ কার্যক্রমের আয়োজন করা হয়। প্রথম ব্যাচে ২৫ জন প্রশিক্ষণার্থী অংশ নেন।
প্রশিক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে জেলা প্রশাসকের কার্যালয়ের রাজস্ব প্রশাসন ও উপজেলা ভূমি অফিসসমূহের বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের কম্পিউটার বিষয়ে ব্যবহারিক ধারণা ও দক্ষতা অর্জনে বিশেষ প্র্যাকটিক্যাল সাপোর্ট দেওয়া হয়। এতে কম্পিউটার পরিচালনা, ব্যবহারিক কাজ এবং তথ্যপ্রযুক্তি বিষয়ে প্রয়োজনীয় ধারণা দেওয়া হয়।
বেলা ১১টায় সারা দেশের প্রশিক্ষণ কার্যক্রমের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম (এমপি)।
মুখ্য আলোচক ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিনিধি মো. আব্দুল বারী অনুষ্ঠানে বক্তব্য দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম। যুব উন্নয়ন অধিদপ্তর ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।
প্রকল্পটি যৌথ উদ্যোগে বাস্তবায়ন করছে সার্ভিস ইঞ্জিনস লিমিটেড, ডট কম সিস্টেমস লিমিটেড এবং উইজার্ড সফটওয়্যার অ্যান্ড টেকনোলজি বাংলাদেশ লিমিটেড।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর চাঁদপুরের উপপরিচালক মো. হুমায়ুন কবির।
চাঁদপুরে প্রশিক্ষণ কার্যক্রমের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন শাহ মো. সালাউল্লাহ সাইফ। শাখা কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন মো. নূর জামাল এবং সহকারী কো-অর্ডিনেটর নাসির উদ্দিন।
আয়োজকেরা জানান, বর্তমান শ্রমবাজারে তথ্যপ্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার দ্রুত বাড়ছে। তরুণদের আধুনিক প্রযুক্তির সঙ্গে পরিচিত করার পাশাপাশি বাস্তবভিত্তিক দক্ষতা অর্জনের সুযোগ তৈরি করাই এ প্রকল্পের অন্যতম লক্ষ্য। প্রশিক্ষণের মাধ্যমে তথ্যপ্রযুক্তি জ্ঞানসম্পন্ন তরুণদের দক্ষতা বাড়িয়ে ভবিষ্যতে কর্মসংস্থান ও আয়মূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
চাঁদপুরে প্রথম ব্যাচের ২৫ জন প্রশিক্ষণার্থীর মাধ্যমে কার্যক্রম শুরু হলেও পর্যায়ক্রমে আরও তরুণ এ প্রশিক্ষণের সুযোগ পাবেন বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন।
ফম/এমএমএ/



