সরকারি অর্থের সঠিক ব্যবহারে ফরিদগঞ্জে সক্রিয় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা

ফরিদগঞ্জ (চাঁদপুর): ‎চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় সরকারের উন্নয়ন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে নতুন গতি এসেছে।

মাঠভিত্তিক তদারকি, কাজের মান নিশ্চিতকরণ এবং স্বচ্ছতার মাধ্যমে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আওরঙ্গজেব-এর নেতৃত্বে একের পর এক উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হওয়ায় স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া পড়েছে।

‎সরেজমিনে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখা যায়, রোদ-বৃষ্টি উপেক্ষা করে প্রায় প্রতিদিনই প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নির্মাণাধীন প্রকল্পগুলো পরিদর্শন করছেন। কোথাও রাস্তার কাজ, কোথাও এইচবিবি সড়ক নির্মাণ, কোথাও কালভার্ট বা খাল পুনঃখনন-প্রতিটি প্রকল্পে তিনি নিজে উপস্থিত থেকে কাজের অগ্রগতি ও গুণগত মান যাচাই করছেন। শুধু ঠিকাদার বা প্রকল্প সংশ্লিষ্টদের সঙ্গে নয়, স্থানীয় বাসিন্দাদের সঙ্গেও কথা বলে কাজের মান সম্পর্কে মতামত নিচ্ছেন।
‎স্থানীয়রা জানান, অতীতে অনেক সময় প্রকল্প বাস্তবায়ন নিয়ে নানা অভিযোগ ও বিতর্ক থাকলেও বর্তমান কর্মকর্তার দায়িত্ব গ্রহণের পর পরিস্থিতিতে ইতিবাচক পরিবর্তন এসেছে। এখন কোনো কাজ শেষ হলেই বিল পরিশোধ করা হয় না; বরং মাঠ পর্যায়ে সরেজমিনে কাজের মান যাচাই ও তদারকির পরই বিল ছাড় করা হচ্ছে। এতে ঠিকাদাররাও মানসম্পন্ন কাজ করতে বাধ্য হচ্ছেন।
উপজেলায় টিআর, কাবিখা, কাবিটা, গ্রামীণ সড়ক উন্নয়ন, এইচবিবি সড়ক নির্মাণ, কালভার্ট নির্মাণ এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে গুণগত মান নিশ্চিত করার পাশাপাশি সরকার ঘোষিত খাল পুনঃখনন কর্মসূচিও গুরুত্বের সঙ্গে বাস্তবায়ন করা হয়েছে। এছাড়াও উপজেলার প্রতিটি ইউনিয়নে ভিজিএফের চাল সুষ্ঠুভাবে বিতরণ করা হয়েছে এবং প্রায় ২ কিলোমিটার এইচবিবি সড়ক নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে। স্থানীয়দের মতে, খাল পুনঃখননের ফলে পানি নিষ্কাশন, সেচব্যবস্থা এবং জলাবদ্ধতা নিরসনে ইতোমধ্যে ইতিবাচক প্রভাব দেখা দিতে শুরু করেছে।
‎এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আওরঙ্গজেব বলেন, সরকারি নীতিমালা ও বিধি-বিধান অনুসরণ করে প্রতিটি প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। মাননীয় সংসদ সদস্য এম এ হান্নান মহোদয় প্রতিটি প্রকল্পের বিষয়ে সার্বক্ষণিক খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তাও প্রতিনিয়ত তদারকি ও পরামর্শ দিয়ে যাচ্ছেন। আমরা প্রতিটি কাজ সরেজমিনে পরিদর্শন করে, গুণগত মান নিশ্চিত হওয়ার পরই বিল পরিশোধ করি। আমাদের লক্ষ্য-সরকারি অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করে সাধারণ মানুষ যেন প্রকৃত সুফল পান।
‎স্থানীয় জনপ্রতিনিধিদের ভাষ্য, মাঠমুখী তদারকি ও জবাবদিহিতার সংস্কৃতি গড়ে ওঠায় উন্নয়ন প্রকল্পগুলোর মান আগের তুলনায় অনেক বেড়েছে। ফলে জনগণের আস্থা যেমন বাড়ছে, তেমনি সরকারি অর্থের সুষ্ঠু ব্যবহারও নিশ্চিত হচ্ছে।
‎জানা যায়, বর্তমান উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আওরঙ্গজেব এর আগে চাঁদপুর জেলার মতলব উপজেলাতেও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ফরিদগঞ্জেও তিনি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং গুণগত মান নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
‎স্থানীয়দের প্রত্যাশা, এ ধারাবাহিকতা বজায় থাকলে ফরিদগঞ্জ উপজেলা উন্নয়ন ও দুর্যোগ ব্যবস্থাপনায় জেলার অন্যতম দৃষ্টান্ত স্থাপন করবে।
ফম/এমএমএ/

উপজেলা করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম