চাঁদপুর : চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নারায়নপুর বাজার সংলগ্ন এলাকায় খাল থেকে অবৈধভাবে ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলনের জন্য গুরুত্বপূর্ণ আঞ্চলিক সড়কের নিচে সুড়ঙ্গ করে পাইপ স্থাপনের অভিযোগ উঠেছে।
স্থানীয়দের দাবি, এভাবে সড়কের নিচের মাটি সরে গিয়ে ভেতরে ফাঁপা হয়ে পড়ায় যেকোনো সময় সড়ক ধসে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। অভিযোগ উঠেছে, এ কাজে স্থানীয় প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিরা জড়িত। তবে অভিযোগ অস্বীকার করেছেন সংশ্লিষ্টরা। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে সড়ক বিভাগ।
সরেজমিনে দেখা যায়, নারায়নপুর বাজারের পশ্চিম পাশে আল-বারাকা মডেল স্কুল সংলগ্ন চাঁদপুর–বাবুরহাট–মতলব–পেন্নাই আঞ্চলিক সড়কের নিচে সুড়ঙ্গ করে ড্রেজারের পাইপ বসানো হয়েছে। স্থানীয়দের অভিযোগ, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা জিসান আহমেদের মালিকানাধীন ড্রেজারের মাধ্যমে খাল থেকে বালু উত্তোলনের জন্য এই পাইপ স্থাপন করা হয়েছে। এ কাজে মতলব দক্ষিণ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রানা প্রধানের প্রভাব ও সংশ্লিষ্টতা রয়েছে বলেও অভিযোগ করেন তারা।
স্থানীয়দের ভাষ্য, চাঁদপুর, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার বিভিন্ন উপজেলার মানুষের জন্য এই আঞ্চলিক সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন শত শত বাস, ট্রাক, পিকআপ, সিএনজিচালিত অটোরিকশাসহ ছোট-বড় অসংখ্য যানবাহন এ সড়ক দিয়ে চলাচল করে। রাজধানী ঢাকার সঙ্গে দ্রুত যোগাযোগের অন্যতম মাধ্যমও এটি।
এলাকাবাসী জানান, এর আগে সড়কের ওপর দিয়ে ড্রেজারের পাইপ নেওয়া হলেও এবার নতুন কৌশলে সড়কের নিচে সুড়ঙ্গ করে পাইপ বসানো হয়েছে। এতে সড়কের নিচের মাটি ব্যাপকভাবে সরে গিয়ে ভেতরে ফাঁপা সৃষ্টি হয়েছে। ভারী যানবাহন চলাচলের সময় সড়ক ধসে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। দ্রুত পাইপ অপসারণ করে অবৈধ বালু উত্তোলন বন্ধ না করা হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।
অভিযোগের বিষয়ে ড্রেজারের মালিক হিসেবে অভিযুক্ত জিসান আহমেদ প্রথমে নিজেকে ড্রেজারের মালিক নন বলে দাবি করেন। পরে সড়কের নিচে সুড়ঙ্গ করে পাইপ স্থাপনের অনুমতি নেওয়া হয়েছিল কি না-এমন প্রশ্ন করা হলে তিনি কোনো সদুত্তর না দিয়ে বিষয়টি এড়িয়ে যান।
এদিকে মতলব দক্ষিণ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রানা প্রধানের কাছে মুঠোফোনে ড্রেজার ব্যবসার সঙ্গে সম্পৃক্ততার বিষয়ে জানতে চাইলে তিনি প্রথমে প্রতিবেদকের সঙ্গে সরাসরি দেখা করার আগ্রহ প্রকাশ করেন। পরে পুনরায় প্রশ্ন করা হলে সংক্ষিপ্ত উত্তরে বলেন, ‘আমি এ ব্যবসার সঙ্গে জড়িত নই।’
প্রস্তাবিত নারায়নপুর পৌরসভার (বর্তমান নারায়নপুর ইউনিয়ন) চেয়ারম্যান ইকবাল হোসেন হাওলাদার বলেন, আমি বিষয়টি শুনেছি। স্থানীয়রা জানিয়েছেন, রানা নামের একজন ড্রেজারের পাইপ স্থাপন করেছে। এতে সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ রয়েছে। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানাব।
চাঁদপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহা. ইউনুস আলী বলেন, বিষয়টি এইমাত্র জানতে পারলাম। দ্রুত খোঁজখবর নিয়ে তদন্ত করা হবে। সড়কের ক্ষতি হয়ে থাকলে এবং অবৈধভাবে পাইপ স্থাপন করা হয়ে থাকলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ফম/এমএমএ/



