চাঁদপুরে নিখোঁজের ১০ দিন পর পুকুরে মিলল কৃষকের মরদেহ

চাঁদপুর : চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার একটি পুকুরের কচুরিপানার ভেতর থেকে নাছির উদ্দিন প্রধান (৬৫) ওরফে আলমাছ প্রধানিয়া নামে কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৯ জুন) সন্ধ্যার দিকে উপজেলার কাশিমপুর পুরণ গ্রামের প্রধানীয়া বাড়ির পাশে পুকুরের কচুরিপানার ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মঙ্গলবার (৩০ জুন) বিকেলে এসব তথ্য নিশ্চিত করেন মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান মানিক।

স্থানীয়রা জানান, নিহত নাছির উদ্দিন প্রধান উপজেলার নারায়নপুর ইউনিয়নের পূরণ গ্রামের ওসমান আলী প্রধানিয়ার ছেলে। তিনি শিক্ষিত হলেও বাড়িতে কৃষিকাজ  করতেন। গত ১৯ জুন ভোরে নিজ বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। নিখোঁজের ঘটনায় ২০ জুন রাতে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে পরিবার।

নিহতের ভাতিজা মামুন প্রধানিয়া জানান, নিখোঁজ হওয়ার পর অনেক খোঁজাখুঁজি করে ওনাকে না পেয়ে ২০ জুন রাতে থানায় সাধারণ ডাইরী (জিডি) করা হয়। সোমবার (২৯ জুন) বিকেলে  বিল্লাল হোসেন প্রধানিয়ার ছেলে বাড়ির পাশে পুকুর পাড়ে গরুর ঘাস কাটতে গিয়ে কচুরিপানার ভিতরে তার লুঙ্গি দেখতে পায়। পরে খোঁজ করে সেখান তার গলিত মরদেহ দেখে পুলিশকে খবর দেয়।

কাশিমপুর পূরণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপঙ্কর চন্দ্র বলেন, নিহত নাছির উদ্দিন প্রধান আমাদের বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির একাধিকবার সদস্য ছিলেন। তিনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন। আজ (মঙ্গলবার) বাদ আছর মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়।

মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান মানিক বলেন, এ বিষয়ে থানায় মামলা হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর কারন জানা যাবে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম