
চাঁদপুর: চাঁদপুর তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণ ও সবক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
সোমবার (২৯ জুন) সকাল থেকে রাজবাড়ী কমিউনিটি সেন্টারে নান্দনিক পরিবেশে অনুষ্ঠিত হয় তানযীমের দিনব্যাপী প্রোগ্রাম।
চাঁদপুরের তানযীমের হিফজ ও গার্লস হিফয শাখা দুটি সেশনে এ অনুষ্ঠান সম্পন্ন করে।
সকালে তানযীমুল উম্মাহ হিফয শাখার বার্ষিক পুরস্কার ও সবক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন আন্দরকিল্লা শাহী জামে মসজিদের খতিব আওলাদে রাসূল মাওলানা সৈয়দ মোঃ আনোয়ার হোসাইন তাহের জাবেরী আল মাদানী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, তানযীমুল উম্মাহ চাঁদপুর জেলার অন্যতম একটি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান, যা দীর্ঘদিন ধরে পবিত্র কোরআনের শিক্ষা, ইসলামী আদর্শ ও নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এ প্রতিষ্ঠানে শুধু কোরআন হিফযই নয়, একজন আদর্শ, সৎ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে শিক্ষার্থীদের গড়ে তোলার শিক্ষা প্রদান করা হয়।
সমাজে অনেকেরই একটি ভুল ধারণা রয়েছে যে, মাদ্রাসায় পড়াশোনা করলে ভবিষ্যতে ভালো কিছু করা যায় না কিংবা কর্মসংস্থানের সুযোগ সীমিত হয়ে যায়। অথচ ইসলামের ইতিহাস এবং বর্তমান মুসলিম বিশ্বের দিকে তাকালেই দেখা যায়, বহু রাষ্ট্রনায়ক, আলেম ও বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব পবিত্র কোরআনের হাফেজ ছিলেন এবং এখনও রয়েছেন। কোরআনের শিক্ষা মানুষকে শুধু দ্বীনি জ্ঞানই দেয় না, বরং নেতৃত্ব, সততা, ন্যায়পরায়ণতা ও মানবসেবার আদর্শেও উজ্জীবিত করে।
তিনি আরও বলেন, যারা কোরআনের খেদমত করেন, মহান আল্লাহ তাআলা কখনো তাদের অসহায় অবস্থায় রাখেন না। আল্লাহ তাদের দুনিয়া ও আখিরাতে সম্মান, মর্যাদা ও সফলতা দান করেন। কোরআনের খাদেমদের জন্য রয়েছে আল্লাহর বিশেষ রহমত ও বরকত।
অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, সন্তানের হাতে শুধু আধুনিক শিক্ষাই নয়, কোরআনের শিক্ষাও তুলে দিতে হবে। কারণ কোরআনের আলোয় আলোকিত সন্তানই পরিবার, সমাজ ও রাষ্ট্রের প্রকৃত সম্পদ। তিনি সন্তানদের দ্বীনি শিক্ষায় উৎসাহিত করে কোরআনের হাফেজ ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে অভিভাবকদের আন্তরিক ভূমিকা রাখার আহ্বান জানান।
ব্রাঞ্চ চেয়ারম্যান শাহ মোঃ ওলিউর রহমান চিশতি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আল আমিন একাডেমি গভর্নিং বডির সদস্য মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোঃ মোশারফ হোসেন, খুলনা তানজিমুল উম্মাহ আলিম মাদ্রাসার প্রিন্সিপাল ইনচার্জ আরিফ উল্লাহ, চাঁদপুর জেল সুপার মোহাম্মদ জয়নাল আবেদীন ভূঁইয়া, চাঁদপুর জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শাহজাহান খান, মাহবুব আলম, গনি মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাজির আহমেদ, আবুল হোসেন বকাউল সাইদুর রহমান হারুন প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন শাখা ইনচার্জ ইমরান হোসেন। অনুষ্ঠানে তানযীমের শিক্ষার্থী ও শিল্পী গোষ্ঠীবৃন্দ কোরআন তেলাওয়াত, হামদ নাত, দেশাত্মবোধক গান,কবিতা আবৃত্তি পরিবেশন করে।
অপরদিকে বিকালে একই স্থানে তানযীমুল উম্মাহ গার্লস হিফজ মাদ্রাসার বার্ষিক পুরস্কার ও সবক অনুষ্ঠিত হয়।

ব্রাঞ্চ চেয়ারম্যান শাহ মোঃ ওলিউর রহমান চিশতির সভাপ্রধানে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ডঃ পেয়ার আহমেদ।
প্রধান অতিথি কোরআনের গুরুত্ব ও মর্যাদার বিষয়ে আলোচনা করেন এবং শিক্ষার্থীদেরকে জ্ঞান অর্জনের পাশাপাশি কুরআন বুঝে পড়ার ব্যাপারে তাগিদ দেন।
সবক প্রদান করেন ইসলামপুর গাছতলা দরবার শরীফের পীর আলহাজ্ব মাওলানা খাজা অলিউল্লাহ। তিনি শিক্ষার্থীদের সবক দেন এবং দোয়া মুনাজাত পরিচালনা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুরানবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ লে. শোয়েব আহমেদ,হাজীগঞ্জ নেছারাবাদ ছালেহিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নাজিম উদ্দিন, খুলনা তানজিমুল উম্মাহ আলিম মাদ্রাসার প্রিন্সিপাল ইনচার্জ আরিফ উল্লাহ, গাছতলা ইশিয়াতুল উলুম মাদ্রাসার সহকারী অধ্যাপক আফছার উদ্দিন মিয়াজী, কাটাখালী হামিদিয়া আলিম মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল আব্দুল্লাহ আল মামুন, মাওলানা সালাহউদ্দিন চাঁদপুরী, মিশন রোড শাহী মসজিদের খতিব মাওলানা আব্দুল্লাহ, অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শাখা প্রধান মোহাম্মদ ইউসুফ। উপস্থাপনায় ছিলেন শাখা সহকারী আব্দুল্লাহ আল মামুন।
প্রাণবন্ত একটি অনুষ্ঠান উপহার দেয় তানজীম শিক্ষার্থী, শিল্পীগোষ্ঠী। কেরাত, হামদ, নাসিত, আবৃত্তি, নাটক, ইংরেজি ও আরবিতে বক্তব্য দেয় শিক্ষার্থীগণ।
বার্ষিক পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে বিজয়ীদের পাশাপাশি বিজিতদের পুরষ্কার প্রদান করা হয়।
পম/এমএমএ/



