ফরিদগঞ্জে সরকারি সম্পত্তি দখল করে স্থাপনা নির্মাণ, আদালতের স্বতঃপ্রণোদিত মামলা

চাঁদপুর:  চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার রূপসা বাজারে সরকারি সম্পত্তি দখল করে পাঁচতলা ভবন নির্মাণ করায় খোকন দেবনাথ নামে এক ব্যবসায়ীর বিরুদ্ধে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনে স্বতঃপ্রণোদিত হয়ে মামলা গ্রহণ করেছেন ফরিদগঞ্জ আমলী আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পলাশ বর্দ্ধন।

মঙ্গলবার (২৩ জুন) রাতে চাঁদপুর চীফ জুডিসিয়াল ম্যাজেস্ট্রট আদালতের নাজির এই তথ্য জানান।

প্রাপ্ত তথ্যে জানাগেছে, গত ৭ মে স্থানীয় একটি দৈনিক পত্রিকায় প্রকাশিত “ফরিদগঞ্জে সরকারি জমি দখল করে বহুতল ভবন” শীর্ষক সংবাদ ফরিদগঞ্জ আমলী আদালতের ম্যাজিস্ট্রেট এর দৃষ্টিগোচরে আসার পর এই বিষয়ে সহকারী কমিশনার (ভূমি), ফরিদগঞ্জ, চাঁদপুর-কে সরেজমিনে অনুসন্ধানপূর্বক সরকারি সম্পত্তির অবৈধ দখলদারকে সনাক্ত করে একটি পূর্নাঙ্গ প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দেওয়া হয়।

সহকারী কমিশনার (ভূমি) কর্তৃক দাখিলকৃত তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়, ফরিদগঞ্জ উপজেলাধীন ১৪০নম্বর রূপসা মৌজার ১নম্বর খতিয়ানের ৩২৪২ নম্বর দাগের ০.০০৩৩ একর ভূমি ব্যবসায়ী খোকন দেবনাথ কর্তৃক তার নিজ ভূমির সাথে অবৈধভাবে দখল করে ৫তলা ভবন নির্মাণের প্রমাণ পাওয়া যায়।

সরকারি নিষেধ অমান্য করে খাস সম্পত্তিতে ভবন নির্মাণ অব্যাহত রাখার অভিযোগে ব্যবসায়ী খোকন দেবনাথকে দায়ী করা হয় তদন্ত প্রতিবেদনে। সরকারি খাস সম্পত্তি অবৈধভাবে দখলে রাখা ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের ১১ ধারার অপরাধ। সরকারি সম্পত্তিতে দখলবাজি প্রতিরোধে তদন্ত প্রতিবেদনের আলোকে অভিযুক্ত খোকন দেবনাথের বিরুদ্ধে অপরাধ আমলে নিয়ে সমন জারীর নির্দেশ দিয়েছেন ফরিদগঞ্জ আমলী আদালতে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পলাশ বর্দ্ধন।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম