জেলা প্রশাসকের সম্মাননা পেল চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাব

তরুণদের উদ্ভাবনী শক্তির জয়

চাঁদপুর: তরুণদের উদ্ভাবনী চিন্তা, গবেষণা ও প্রযুক্তিনির্ভর সৃজনশীলতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাব। ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ উপলক্ষে আয়োজিত বিজ্ঞান মেলায় “স্মার্ট সিটি প্রজেক্ট” উপস্থাপন করে জেলা ও বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জনের গৌরব অর্জন করেছে সংগঠনটি। এ অসামান্য সাফল্যের স্বীকৃতিস্বরূপ ক্লাবের সদস্যদের সম্মাননা প্রদান করেছেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।

শনিবার (১৩ জুন) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে ক্লাবের প্রতিনিধিদের হাতে নগদ অর্থ ও সম্মাননা স্মারক তুলে দেন জেলা প্রশাসক। এ সময় তিনি ক্লাবের সদস্যদের অভিনন্দন জানিয়ে বলেন, বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ বিনির্মাণে তরুণদের উদ্ভাবনী শক্তি ও গবেষণামূলক কর্মকাণ্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ। চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাবের এই অর্জন জেলার জন্য গর্বের এবং অন্য তরুণদের জন্য অনুপ্রেরণার উৎস।

জানা যায়, চাঁদপুর জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের বিজ্ঞান মেলায় “স্মার্ট সিটি প্রজেক্ট” উপস্থাপন করে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাব। প্রকল্পটির আধুনিক পরিকল্পনা, প্রযুক্তিগত দক্ষতা ও বাস্তবসম্মত উপস্থাপনার জন্য ক্লাবটি জেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন করে। পরবর্তীতে বিভাগীয় পর্যায়েও শ্রেষ্ঠত্ব ধরে রেখে প্রথম স্থান লাভ করে চাঁদপুরের জন্য সম্মান বয়ে আনে।

এসময় উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি বিশিষ্ট সমাজসেবক অ্যাডভোকেট শাহজাহান খান, সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন এবং ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।

এ সময় জেলা প্রশাসক ক্লাবের বিভিন্ন শিক্ষামূলক ও সামাজিক উদ্যোগেরও প্রশংসা করেন। তিনি বলেন, বিজ্ঞান ও প্রযুক্তির বিকাশ ছাড়া একটি স্মার্ট ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব নয়। তাই তরুণদের উদ্ভাবনী উদ্যোগকে উৎসাহিত করতে জেলা প্রশাসন সবসময় পাশে থাকবে। ভবিষ্যতেও ক্লাবের বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক কার্যক্রম সম্প্রসারণে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

ফম/এমএমএ/

মোঃ মাইনুল ইসলাম | ফোকাস মোহনা.কম