শ্রমিকরাই দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি : এমপি মানিক

চাঁদপুরে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস পালিত

প্রধান অতিথির বক্তব্য দেন শেখ ফরিদ আহমেদ মানিক এমপি।
চাঁদপুর: চাঁদপুরে বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস পালিত হয়েছে।
শুক্রবার (১ মে) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিকের নেতৃত্বে একটি র‍্যালি বের করা হয়। পরে সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
​সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, ​শ্রমিকরাই দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। তাদের ঘাম ও পরিশ্রমে শিল্পকারখানা সচল থাকে এবং দেশ উন্নয়নের সোপানে আরোহণ করে। শ্রমিক ও মালিক একে অপরের পরিপূরক—এদের পারস্পরিক সহযোগিতা ও আস্থার মাধ্যমেই একটি শক্তিশালী অর্থনীতি গড়ে ওঠে। তাই কর্মক্ষেত্রে শ্রমিকদের অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা আমাদের সকলের দায়িত্ব।
তিনি আরো বলেন, জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবসের তাৎপর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা শুধু মানবিক দায়িত্ব নয়, এটি টেকসই উন্নয়নের অন্যতম শর্ত। সরকার শ্রমিকদের কল্যাণে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে এবং ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি সংশ্লিষ্ট সকলকে কর্মক্ষেত্রে স্বাস্থ্যবিধি, নিরাপত্তা ব্যবস্থা ও শ্রম আইন যথাযথভাবে বাস্তবায়নের আহ্বান জানান। শ্রমিকের জীবন ও স্বাস্থ্য সুরক্ষিত থাকলেই উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে এবং দেশ কাঙ্ক্ষিত উন্নয়নের লক্ষ্যে এগিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ এরশাদ উদ্দিনের সভাপতিত্বে এবং সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হুদার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) ​মো. লুৎফুর রহমান, চাঁদপুর জেলা পরিষদ প্রশাসক ​অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিম, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার এস.এম এন জামিউল হিকমা, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী।
এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা শ্রম অধিদপ্তরের চিকিৎসক ডা. মেহেদী হাসান শুভ, জেলা মিনিবাস মালিক সমিতির সভাপতি ফেরদৌস আলম বাবু, পুরান বাজার গদিঘর লেবার উন্নয়ন শ্রমিক ইউনিয়নের সভাপতি হারুনুর রশিদ, জেলা বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি হাবিবুর রহমান ভূঁইয়া, জেলা শ্রমিকদলের সভাপতি নজরুল ইসলাম বাদল।

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম