
চাঁদপুর : মহান মে দিবস উপলক্ষে চাঁদপুরে ১০ জন আহত অটোরিকশা চালক ও নিহত পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
শুক্রবার (১ মে) দুপুরে শহরের পালবাজারস্থ নতুনবাজার-পুরাণবাজার সংযোগ সেতু সংলগ্ন স্থানে আহত সিএনজি চালক ও নিহত পরিবারের মাঝে আনুষ্ঠানিকভাবে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌর প্রশাসক মো. এরশাদ উদ্দিন। তিনি বক্তব্যে বলেন, আজ শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার দিন। আমি নিজেও একজন শ্রমিক। আপনি মজুরি পান, আর আমি পাই বেতন। আমরা সকলেই শ্রমিক। কেউ মানসিক শ্রম দেয়, আর কেউ শারীরিক শ্রম দেয়।
তিনি বলেন, রাস্তায় যত্রতত্র গাড়ি পার্কিং করা যাবে না। নির্ধারিত স্ট্যান্ডের বাহিরে গাড়ি রাখা যাবে না। যেখানে স্ট্যান্ড, সেখানেই গাড়ি রাখতে হবে। পৌর এলাকার তিনটি স্ট্যান্ডে যদি জায়গা থাকে তাহলে আগামী রবিবার থেকে শ্রমিকদের সুবিধার্থে প্রথমে একটি টয়লেট করে দেয়া হবে। পরবর্তীতে শ্রমিকদের জন্য বিশ্রামাগার করা হবে। ইনশাআল্লাহ আগামীতে আহত ও নিহত শ্রমিক পরিবারকে সহায়তা প্রদান করার চেষ্টা করবে চাঁদপুর পৌরসভা।
চাঁদপুর পৌরসভার অটোরিকশা টোল ইজারাদার কামরুল ইসলাম সোহেল গাজীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন পৌরসভার নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নূর আজম বিন আখতার (শরীফ)। আহত অটোরিকশা চালকদের মধ্যে বক্তব্য দেন মুসলিম খান, মানিক খান ও জসিম মেহেদী।
চাঁদপুর পৌরসভার বাজার পরিদর্শক শাহজাহান মাঝি, এ্যাসেসমেন্ট শাহরিয়ার, কর আদায়কারী তৌহিদুল ইসলাম চপল, নকশাকার জাহিদ খান, প্রধান সহকারী মো. জিল্লুর রহমান সহ অন্যান্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সবশেষ ১০ জন আহত অটোরিকশা চালক ও নিহত পরিবারের মাঝে ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা হিসেবে চেকের মাধ্যমে নগদ অর্থ প্রদান করা হয়।
ফম/এমএমএ/


