
ফরিদগঞ্জ (চাঁদপুর) : চাঁদপুরের ফরিদগঞ্জে রিয়াজ উদ্দিন (৪০) নামে এক মাদকাসক্ত যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাতে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাছিয়ারা পাটওয়ারী বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত রিয়াজ উদ্দিন মৃত খোরশেদ আলম পাটওয়ারীর ছেলে। তিনি পেশায় সিএনজিচালিত অটোরিকশাচালক ছিলেন।
স্থানীয় সূত্র ও পারিবারিক সদস্যরা জানান, দীর্ঘদিন ধরে রিয়াজ মাদকাসক্ত ছিলেন। মাদক সেবনের জন্য টাকা না পেলে তিনি প্রায়ই পরিবারের সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার করতেন এবং ঘরের আসবাবপত্র ভাঙচুর করতেন। ঘটনার দিন রাতেও মাদক সেবনের টাকা না পেয়ে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। একপর্যায়ে নিজ ঘরের সিলিং ফ্যানের রডের সঙ্গে নাইলনের রশি পেঁচিয়ে আত্মহত্যা করে।
রাত ১১টার দিকে তার স্ত্রী মিতু আক্তার ঘরে গিয়ে রিয়াজকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তার চিৎকারে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন ছুটে এসে পুলিশকে খবর দেন। সংবাদ পেয়ে ফরিদগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন জানান, প্রাথমিকভাবে পরিবার ও স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, নিহত ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ও মানসিকভাবে হতাশাগ্রস্ত ছিলেন। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
ফম/এমএমএ/


