ভালোবাসার বিয়ে: স্বীকৃতির দাবিতে হিন্দু ছেলের বাড়িতে অনশন

ছবি: সংগ্রহীত।

চাঁদপুর: ভালোবাসার সম্পর্ক থেকে বিয়ে, এরপর যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগ তুলে স্বামীর স্বীকৃতির দাবিতে হিন্দু ছেলের বাড়িতে অনশনে বসেছেন চাঁদনী নামে এক মুসলিম নারী। তিনি বর্তমানে স্বামীর বাড়িতে অবস্থান নিয়ে অনশন করছেন।

জানা গেছে, ভুক্তভোগী চাঁদনীর বাড়ি নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ উপজেলার ঢাকেশ্বরী ধনকুন্ডা এলাকায়। অভিযোগ অনুযায়ী, ২০১৮ সালে চাঁদপুর সদর উপজেলার দাসপাড়া এলাকার বাসিন্দা শিপন মোল্লার সঙ্গে তার পরিচয় হয়। পরবর্তীতে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরিবারের অমতে ২০১৯ সালে উভয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে কাজীর মাধ্যমে বিয়ে করেন। বিয়ের সময় ৫ লাখ টাকা কাবিন নির্ধারণ করা হয়।

বিয়ের পর দম্পতি স্ত্রীর বাড়িতে বসবাস শুরু করেন। তাদের সংসারে বর্তমানে ৫ বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। চাঁদনীর অভিযোগ, স্বামী দীর্ঘদিন কোনো কাজ না করে তার ওপর নির্ভরশীল ছিলেন। তিনি ঢাকায় একটি পার্লারে চাকরি করে সংসার চালাতেন।

তবে গত কয়েক মাস ধরে স্বামী ও তার পরিবারের সদস্যরা তার কাছে ৫ লাখ টাকা যৌতুক দাবি করতে থাকেন। যৌতুক দিতে অস্বীকৃতি জানালে তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয় বলে অভিযোগ করেন তিনি।

চাঁদনী জানান, গত ১৬ এপ্রিল সন্ধ্যায় তার স্বামী ঘরে থাকা ৪২ হাজার টাকা নিয়ে নিখোঁজ হয়ে যান। পরে খোঁজ নিয়ে জানতে পারেন, তিনি নিজ বাড়িতে অবস্থান করছেন। ২৮ এপ্রিল সেখানে গেলে স্বামী পুনরায় ৫ লাখ টাকা যৌতুক দাবি করেন এবং টাকা না দিলে অন্যত্র বিয়ে করার হুমকি দেন।
তিনি আরও অভিযোগ করেন, যৌতুক দিতে অস্বীকৃতি জানালে স্বামীসহ পরিবারের অন্যান্য সদস্যরা তাকে মারধর করে গুরুতর আহত করেন এবং বাড়ি থেকে বের করে দেন। এমনকি পুনরায় সেখানে গেলে হত্যার হুমকিও দেওয়া হয়।

এ ঘটনায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা শেষে ভুক্তভোগী নারী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে চাঁদপুর মডেল থানার ওসি (তদন্ত) মিন্টু দত্ত বলেন, বিষয়টি তাদের জানা আছে। তবে এখনো লিখিত অভিযোগ হাতে পাননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফম/এমএমএ/

স্টাফ করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম