চাঁদপুর: মহান মে দিবস উপলক্ষে চাঁদপুরের প্রধান বানিজ্যিক এলাকা পুরানবাজার কাঁচামাল পট্টি এবং ভূষামাল পট্টি শ্রমিক ইউনিয়নের যৌথ আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১ মে ) বিকেলে শহরের পুরানবাজার কাঁচামাল পট্টিতে এই আয়োজন করা হয়।
অনুষ্ঠানের প্রথম পর্বে পুরানবাজারের প্রয়াত সকল ব্যবসায়ী ও শ্রমিকদের রুহের মাগফেরাত, অসুস্থদের সুস্থতা এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পুরানবাজার ঐতিহাসিক জামে মসজিদের খতিব মুফতি ইব্রাহিম খলিল মাদানী। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মহান মে দিবসের তাৎপর্য, মালিক-শ্রমিকদের সম্পর্ক সুসংগঠিত করাসহ বিভিন্ন সমস্যা এবং সমাধানের বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, মে দিবস শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের অনুপ্রেরণার দিন। পৃথিবীর সকল উন্নয়ন, অগ্রগতি ও উৎপাদনের পেছনে শ্রমিকদের ঘাম, পরিশ্রম ও ত্যাগ জড়িয়ে আছে। তাই শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ, সামাজিক নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা সময়ের দাবি।


