বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের খুব শিগগির বদলি শুরু হবে: শিক্ষামন্ত্রী

কচুয়া মে দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি: ফোকাস মোহনা.কম।
চাঁদপুর : শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, বেসরকারি এমপিওভুক্ত বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসা শিক্ষকদের খুব শিগগিরই বদলি শুরু হবে। তার পাশাপাশি প্রাথমিক পরীক্ষায় উত্তীর্ণ এবং শিক্ষকদের নিয়োগ প্রদানও শুরু হবে।

শনিবার (১ মে) বিকেলে চাঁদপুরের কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) ২০২৬ এর উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আমরা লেখাপড়াকে আনন্দময় করে তোলবো। তোমরা যেন ভবিষ্যতে বাংলাদেশ গড়ে তোল। এটাই আমাদের নেতা প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বপ্ন। আমরা সকল স্কুলে ড্রেস দেব, মেয়েদের জন্য ফ্রগ, জুতা ও ব্যাগ দেব। মিড ডে মিল্ক সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে।

খেলায় উপজেলার বালিকা গ্রুপ থেকে আশ্রাফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শিলাস্থান সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বালক কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রাগদৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খুদে ফুটবলাররা অংশগ্রহণ করে। ফাইনালে বালক কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বালিকা আশ্রাফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বিজয়ী হন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান রাসেল এর সভাপতিত্বে বিশেষ অতিথি বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপি’র কার্যনির্বাহী কমিটির সদস্য নাজমুন নাহার বেবী।

এর আগে মন্ত্রী মহান মে দিবস উপলক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল, কচুয়া উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন।

সেখানে বক্তব্যে মন্ত্রী বলেন, বিএনপি জনগণের সরকার এবং আপনাদের সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমান এই দেশের জনগণের জন্য কাজ করে যাচ্ছে। আমি আপনাদের জন্য কাজ করে যাচ্ছি। এই উপজেলার রাস্তাঘাটে কোন স্পিড বেকার দিয়ে টোল আদায় করতে পারবে না। কোথায় কোন মাদকের স্থান হবে না। আমি মিলন সুস্থ আছি, আপনাদের পাশে সবসময় আছি। সকল সমস্যার সমাধান আপনাদের নিয়ে করবো। কচুয়া উপজেলা হবে বাংলাদেশের শ্রেষ্ঠ উপজেলা। যেখানে কোন বৈষম্য থাকবে না এবং অপরাধীদের স্থান হবে না।

জেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও কচুয়া উপজেলা সাধারণ সম্পাদক মো. আজিজ আহমেদ মানিক সভায় সভাপতিত্ব করেন। এ সময় উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম