চাঁদপুর: চাঁদপুর-২ আসনের এমপি আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিন বলেছেন, হিন্দু সম্প্রদায়ের উপর কোন অত্যাচার নির্যাতন হলে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। যাদের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ পাওয়া যাকে তাদেরকে একবিন্দু ছাড়া দেওয়া হবে না। হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা দেওয়া ছিল আমার নির্বাচনী একটি ইশতেহার। এই বিষয়ে আমি কোন ছাড় দিব না।
মঙ্গলবার (১০ মার্চ) বিকালে মতলব উত্তর উপজেলার রায়েরকান্দি গ্রামে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে এক শুভেচ্ছা বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন তিনি।
এমপি জালাল উদ্দিন আরো বলেন, আমরা একই দেশের মানুষ, কে মুসলিম, কে হিন্দু কে অন্য ধর্মের তা বড় কথা নয়। সবাই মিলে মিশে একই দেশে একই সমাজে বসবাস করবো এটাই হল অঙ্গীকার। তাই ভবিষ্যতে এধরনের কোন অপরাধকে ছাড় দেওয়া হবে না। পরে তিনি সম্প্রতি যে হিন্দু বাড়িতে হামলার ঘটনা ঘটেছিল সেই ঘটনাটি সম্পর্কে অবগত হন এবং এ বিষয়ে হিন্দু প্রতিনিধিদের সঙ্গে কথা বলে সুষ্ঠু বিচারের আশ্বাস দেন।
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপনের পরিচালনায় উপস্থিত ছিলেন, মতলব উত্তর থানার ওসি কামরুল হাসান, কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিষ্টার ওবাইদুর রহমান টিপু, হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধি বলরাম ঘোষ, শ্যামল ঘোষ, রাধেশ্যাম রায় সহ হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ এবং দলীয় নেতৃতৃবৃন্দ।
এরআগে উপজেলার হরিণা গ্রামে ইভটিজারদের হামলায় নিহত জাকির হোসেনের পরিবারের সঙ্গে দেখা করেন ড. জালাল উদ্দিন এমপি। এসময় মরহুমের পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। এবং দ্রুত এর সুষ্ঠু বিচারের আশ্বাস প্রদান করেন তিনি। এছাড়াও মঙ্গলবার দুপুরে ইসলামাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী মরহুম মফিজুল ইসলামের কবর জিয়ারত করেন ড. জালাল উদ্দিন এমপি। এসময় স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/



