হাজীগঞ্জে বস্তি থেকে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

হাজীগঞ্জ (চাঁদপুর): চাঁদপুরের হাজীগঞ্জে রেলওয়ে বস্তির ঝুপড়ি ঘর থেকে মো. খলিল নামের (১৭) এক কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারী) রাতে পৌরসভাধীন মকিমাবাদ গ্রামের চাঁদপুর-কুমিল্লা রেলপথের পাশে অবস্থিত বস্তির একটি ঝুপড়ি ঘর থেকে গলায় ঘামছায় ঝুলন্ত মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মো. খলিল নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার মৃত ছিদ্দিকুর রহমানের ছেলে। সে তার মা সাফিয়া খাতুনের সাথে হাজীগঞ্জে বসবাস করে। খবর পেয়ে হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সহিদুল হাসান তার মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসে।

প্রতিবেশী শরীফা বেগম জানান, খলিল তার মায়ের সাথে পৗরসভাধীন মকিমাবাদ গ্রামের হাজীগঞ্জ মডেল সরকারি কলেজ সংলগ্ন এলাকার চাঁদপুর-কুমিল্লা রেলপথের পাশে অবস্থিত বস্তির একটি ঝুপড়ি বসবাস করে। তার মা সাফিয়া বেগম ভিক্ষা করে ছেলেকে নিয়ে জীবিকা নির্বাহ করে।

মঙ্গলবার সন্ধ্যায় তিনিসহ খলিলের মা ভিক্ষা করে নিজ নিজ ঘরে আসেন। এরপরেই তিনি সাফিয়া বেগমের চিৎকার শুনে ওই ঘরে ছুটে যান। এসময় তিনি দেখেন ঝুপড়ি ঘরে গলায় ঘামছায় প্যাঁচানো খলিলের ঝুলন্ত মরদেহ এবং তার মা অচেতন হয়ে পড়ে আছেন। তাৎখনিক তিনি ডাক-চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে আসে।

খবর পেয়ে হাজীগঞ্জ থানা পুলিশ চাঁদপুর রেলওয়ে পুলিশকে খবর দেয়। পরে হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সহিদুল হাসান ঘটনাস্থলে উপস্থিত হয়ে খলিলের মরদেহ উদ্ধারপূর্বক সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করেন এবং মরদেহ থানা হেফাজতে নিয়ে আসেন।

এদিকে একমাত্র ছেলের এমন মৃত্যুতে বাকরুদ্ধ হয়ে পড়েন মা সাফিয়া বেগম। তিনি বার বার মুর্ছা যান এবং কাঁদতে কাঁদতে অচেতন হয়ে পড়েন।

এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আবদুর রশিদ বলেন, উদ্ধারকৃত কিশোরের মরহেদ ময়নাতদন্তের জন্য আগামিকাল বুধবার সকালে চাঁদপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ এবং তদন্তপূর্ব পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

ফম/এমএমএ/

স্পেশাল করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম