হাজীগঞ্জের সর্বজন শ্রদ্ধেয় ভাষা সৈনিক বীরমুক্তিযোদ্ধা বিএম কলিম উল্যাহ আর নেই

ছবি: সংগ্রহীত।

চাঁদপুর: চাঁদপুরের হাজীগঞ্জের সর্বজন শ্রদ্ধীয় ব্যক্তিত্ব বীরমুক্তিযোদ্ধা, ভাষা সৈনিক বিএম কলিম উল্যাহ আর নেই।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দিবাগত রাত ১২টায় তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছে (ইন্নালিল্লাহেওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৯ বছর। মৃত্যুকালে তিনি ১ ছেলে ও ৭ মেয়েসহ অসংখ্যগুণগ্রাহী রেখে যান।

বীরমুক্তিযোদ্ধা কলিম উল্যাহ মহান মুক্তিযুদ্ধে রণাঙ্গণের একেবারে সামনের সারির যোদ্ধা ছিলেন। তিনি হাজীগঞ্জ, শাহরস্তি, কচুয়া ও রামগঞ্জ অঞ্চলে যুদ্ধ করতেন।

বীরমুক্তিযোদ্ধা কলিম উল্যাহ হাজীগঞ্জ ডিগ্রি কলেজ ও হাজীগঞ্জ মডেল কলেজ, হাজীগঞ্জ কওমি মাদরাসার উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম ছিলেন।

শুক্রবার বাদ জুময়া হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের জানাযা শেষে মরহুমের মরদেহ গ্রামের বাড়ী বড়কুল পশ্চিম ইউনিয়নের নিজগ্রামে নিয়ে যাওয়া হয়। সেখানে দ্বিতীয় জানাযা শেষে মা-বাবার পাশে তাকে সমাহিত করা হয়।

হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের জানাযার পূর্বে এ বীর মুক্তিযোদ্ধা রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। তবে নিয়মানুযায়ী জাতীয় পতাকা দিয়ে তাঁর কফিন ঢাকা থাকার কথা থাকলেও সেখানে জাতীয় পতাকা ছিলোনা। বিষয়টি নিয়ে মুক্তিযোদ্ধারা ক্ষোভ প্রকাশ করে। তবে এর ব্যর্থতার দায় স্বীকার করেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান। তিনি বলেন, এটা আমাদের ব্যর্থতা। সাধারণত কফিনে মুক্তিযোদ্ধা কমান্ড অফিসের কেউ পতাকাটি নিয়ে আসে এবং কফিনটি পতাকা দিয়ে ঢেকে দেয়া হয়।

বীরমুক্তিযোদ্ধা বিএম কলিম উল্যাহ ১৯৭১ সালে যুদ্ধকালিন সময়ে চাঁদপুর অঞ্চলের কোম্পানি কমান্ডার ছিলেন। তিনি ছিলেন একজন ভাষা সৈনিক। ১৯৫২ সালে ভাষা আন্দোলনেও তিনি সক্রীয় ভূমিকা পালন করেন।

বীরমুক্তিযোদ্ধা কলিম উল্যাহর জানাযা নামাজে উপস্থিত ছিলেন, চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য, মহান মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম, হাজীগঞ্জ পৌরসভার মেয়র আ স ম মাহবুব-উল আলম লিপন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গাজী মাঈনুদ্দীন, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ, হাজীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব আবদুল মান্নান খান, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আহসান হাবিব অরুন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মজিবুর রহমান, সাবেক কমান্ডার আবু তাহের, চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি ড. আলমগীর কবির পাটওয়ারী, মোল্লা মাহমুদ হোসেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হায়দার পারভেজ সুজন, আওয়ামী লীগ নেতা হাজী সেলিম, শামুসুজ্জামান মুন্সি, জেলা বিএনপির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আবুল বাসার, যুবদলের সাবেক আহবায়ক আকবর হোসেন মৃধা।

ফম/এমএমএ/

মহিউদ্দিন আল আজাদ | ফোকাস মোহনা.কম