চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলার হানারচর ইউনিয়নের হারিণা ফেরিঘাট এলাকায় যাত্রাবাহী বাস থেকে ১২০০ কেজি (৩০মণ) জাটকা জব্দ করা হয়েছে।
বুধবার (২৪ জানুয়ারি) কোস্টগার্ড চাঁদপুর ও সদর উপজেলা মৎস্য বিভাগ যৌথ উদ্যোগে অভিযান চালিয়ে এসব জাটকা জব্দ করেন।
অভিযানে অংশগ্রহনকারী চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম জানান, আজ চাঁদপুর সদর উপজেলায় বিশেষ কম্বিং অপারেশন উপলক্ষে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প (প্রথম সংশোধিত) এর আওতায় বাংলাদেশ কোস্ট গার্ড এবং সিনিয়র উপজেলা মৎস্য দপ্তর, চাঁদপুর সদর এর যৌথ উদ্যোগে হরিনা ফেরিঘাটে অভিযান পরিচালনা করা হয়।
এ সময় খুলনাগামী বাস হতে ১২০০ কেজি (৩০মণ) জাটকা জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত জাটকা স্থানীয় এতিমখানা, গরিব ও দুঃস্থ ব্যক্তিদের মাঝে বিতরণ করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন সদর উপজেলা মৎস্য কর্মকর্তা কার্যালয়ের ইলিশ প্রকল্পের ক্ষেত্র সহকারি মোঃ জামিল হোসেন, কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের চীফ পেটি অফিসার এম শফিকুল ইসলামসহ কোস্ট গার্ডের অন্যান্য সদস্যরা।
ফম/এমএমএ/



