চাঁদপুর : আসন্ন স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে চাঁদপুর জেলা পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষণ শুরু হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে চাঁদপুর জেলা পুলিশ লাইন্স অডিটোরিয়ামে এ প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়।
নির্বাচনকালীন দায়িত্ব পালনে পুলিশের পেশাগত দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি, দায়িত্ব পালনের কৌশল, আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করাসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে পুলিশ সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূরের সঞ্চালনায় আয়োজিত প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমান।
তিনি প্রশিক্ষণে অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের নির্বাচনকালীন দায়িত্ব যথাযথভাবে, দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে পালনের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
প্রশিক্ষণে নির্বাচনকালীন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, দায়িত্ব পালনের কৌশল এবং ভোটকেন্দ্র ও সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা নিশ্চিত করার বিভিন্ন দিক তুলে ধরা হচ্ছে।
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, দুই দিনব্যাপী এ প্রশিক্ষণের মাধ্যমে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে জেলা পুলিশের প্রস্তুতি, দক্ষতা ও সক্ষমতা আরও বাড়বে।
সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মিয়াজী আলিফ ইমরানসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।
এর আগে একই স্থানে ১৬ ও ১৭ সেপ্টেম্বর দুই দিন প্রথম ব্যাচের প্রশিক্ষণ সম্পন্ন হয়।
ফম/এমএমএ/


