সাংবাদিকরা হচ্ছেন রাষ্ট্রের বার্তা বাহক : ডিসি কামরুল হাসান

চাঁদপুরে মোবাইল সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন

প্রধান অতিথির বক্তব্য রাখছেন ডিসি কামরুল হাসান। ছবি: ফোকাস মোহনা.কম।

চাঁদপুর:  মোবাইল ডিভাইস ব্যবহার করে পেশাগত দক্ষতা বৃদ্ধিসহ বহুমুখী প্লাটফর্মের জন্য প্রতিবেদন তৈরীতে পারদর্শী করার উদ্দেশ্যে চাঁদপুর জেলার সাংবাদিকদের জন্য দুই দিনব্যাপী মোবাইল সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।

শনিবার (১০ ডিসেম্বর) বিকেলে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে প্রশিক্ষণ শেষে সমাপনী অনুষ্ঠানে টেলিভিশন, অনলাইন ও পত্রিকায় জেলা সদরে কর্মরত অংশগ্রহনকারী প্রশিক্ষনার্থীদের হাতে সনদপত্র তুলে দেয়া হয়।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান। তিনি বলেন, আপনারা হচ্ছেন সমাজের তৃতীয় নয়ন। সাংবাদিকদেরকে আমি ডিএনএ বলে থাকি এবং তারা হচ্ছেন রাষ্ট্রের বার্তা বাহক। আমরা যখন চতুর্থ শিল্প বিপ্লবের দিকে যাচ্ছি, এই সময়টাতে প্রযুক্তিগত দক্ষতা ছাড়া কেউ ভাল করতে পারবে না, পিছিয়ে পড়বে।

জেলা প্রশাসক বলেন, আমি জাতীয় পত্রিকাগুলোর জনপদের খবর পড়ি। দেখি চাঁদপুরের কোন সংবাদ আছে কিনা। এরপর চাঁদপুরের সবগুলো পত্রিকাও পড়ি। স্থানীয় পত্রিকাগুলোর হেড লাইনে বিষয়বস্তুর ভিতরের কথাগুলো হেডলাইন করা দরকার।

সম্প্রতি জেলার মাদ্রাসাসহ শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনের অভিজ্ঞা সম্পর্কে জেলা প্রশাসক বলেন, মাদ্রাসার শিক্ষার্থীদের জিজ্ঞাসা করি তুমি লেখাপড়া করে কি হতে চাও? উত্তর আমি আলেম হব। অর্থাৎ তার লক্ষ্য উদ্দেশ্যে সম্পর্কে নিজেই জানে না। মাদ্রাসায় পড়বে, কুরআন শিখবে, শেখাবে সবই ঠিক আছে। কিন্তু তার কর্মের বিষয়টিও জানতে হবে। প্রযুক্তির জ্ঞান এবং কর্মমূখী শিক্ষার দিকে যেতে হবে। দেশে মেয়ে শিক্ষার্থীদের সংখ্যা বেশী। তাদেরকেও মূল ধারার সাথে যুক্ত করতে হবে।

সভাপতিত্ব করেন পিআইবি মহাপরিচালক জাফর ওয়াজেদ। তিনি বক্তব্যে বলেন, আমাদেরকে তথ্য আইন ব্যবহার করতে হবে। অনুসন্ধানী সাংবাদিকতা করতে হলে তথ্য আইন মানতে হবে। উপজেলা পর্যায়ে অনেক সময় সরকারি দপ্তরগুরো তথ্য দিতে চায় না। তারা মনে করে তথ্য দিলে সমস্যায় পড়বেন। তথ্য কমিশনে বেশিরভাগ ভূমি ও স্বাস্থসেবা সংক্রান্ত আবেদন বেশী পড়ে। এ ক্ষেত্রে সাংবাদিকদের মধ্যে অলসতা দেখা যায়।

তিনি আরো বলেন, যারা টেলিভিশন এবং অনলাইনে কাজ করেন তাদের জন্য মোবাইল সাংবাদিকতা খুবই প্রয়োজন। কারণ এখন তাৎক্ষনিক সংবাদ পাঠানোর প্রতিযোগিতা। সময় নিয়ে দেরী করে সংবাদ পাঠানোর দিন আর নেই। কারণ এখন কোন তথ্য গোপন থাকে না। কোন না কোন মাধ্যমে প্রকাশ হয়ে যায়।

জাফর ওয়াজেদ বলেন, সামনে নির্বাচন। অনেকে গুজব ছড়াবে। আমাদের সতর্ক থেকে কাজ করতে হবে। আপনাদের পত্রিকাগুলোর সম্পদনা তেমন ভাল করছেন না। পত্রিকার গুনগত মান রক্ষা করতে হবে। পত্রিকার মান বাড়াতে হবে।

বক্তব্য রাখেন পিআইবি’র উপপরিচালক (প্রশাসন) মো. জাকির হোসেন, প্রেসক্লাব সভাপতি গিয়াস উদ্দিন মিলন ও সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস।

পিআইবি’র উপপরিচালক (প্রশাসন) মো. জাকির হোসেন বক্তব্যে বলেন, চাঁদপুরের সাংবাদিকরা ধৈর্য্য নিয়ে প্রশিক্ষণে অংশগ্রহন করেছেন, সে জন্য ধন্যবাদ। আমরা কোনভাবে পিছিয়ে থাকতে পারব না। কারণ জাপানে এখন রোবর্ট সংবাদ পাঠ করে। এমন পরিস্থিতিতে আমাদেরকে যোগ্য করতে গড়ে তুলতে হবে। রোবটিক্সের যুগে প্রতিযোগিতায় পিছিয়ে থাকা যাবে না।

অংশগ্রহনকারীদের মধ্য থেকে প্রশিক্ষণের মূল্যায়ন বিষয়ে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী শাহাদাত, বিএম হান্নান, ইকবাল হোসেন পাটওয়ারী ও সাবেক সাধারণ সম্পাদক রহিম বাদশা।

মোবাইল সাংবাদিকতা বিষয়ে দুই দিন প্রশিক্ষণ প্রদান করেন ইউল্যাব মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগের সহকারী অধ্যাপক ড. জামিল খান। প্রশিক্ষণে ৩৫জন সাংবাদিক অংশগ্রহন করেন।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম