চাঁদপুর : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল লঞ্চঘাটে লঞ্চ থেকে নামার সময় মেঘনা নদীতে পড়ে আনুমানিক ৩০ বছর বয়সী এক যুবক নিখোঁজ হয়েছেন।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার প্রায় তিন ঘণ্টা পর চাঁদপুর নদী ফায়ার সার্ভিস ও বিআইডব্লিউটিএর ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ যুবকের পরিচয় বা সন্ধান পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, নারায়ণগঞ্জ থেকে চাঁদপুরগামী মুকবিল-২ লঞ্চটি সকাল ১১টার দিকে ষাটনল ঘাটে যাত্রী নামাচ্ছিল। ওই যুবক লঞ্চ থেকে নামার পর নিজের ব্যাগ লঞ্চে রেখে যাওয়ার কথা মনে পড়ে আবার লঞ্চে ওঠেন। পরে ফের নামার সময় লঞ্চটি পেছনের দিকে চালিয়ে দেওয়া হলে তিনি ঘাটে লাফ দিয়ে নামার চেষ্টা করেন। এ সময় ভারসাম্য হারিয়ে মেঘনা নদীতে পড়ে নিখোঁজ হন।
ঘটনার পর লঞ্চটি দ্রুত মোহনপুর লঞ্চঘাটের দিকে চলে যায়। পরে মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা লঞ্চটি ও এর দুই স্টাফকে আটক করেন বলে জানিয়েছেন ফাঁড়ির ইনচার্জ মো. রুহুল আমিন।
নিখোঁজ যুবকের সন্ধানে বেলতলী নৌ পুলিশ, মোহনপুর নৌ পুলিশ ও মতলব উত্তর থানা পুলিশের সদস্যরা স্থানীয়দের সহায়তায় নদীতে তল্লাশি শুরু করেন।
চাঁদপুর নদী ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. রাকিবুল ইসলাম বলেন, সকাল ১১টা ৪৫ মিনিটে তারা দুর্ঘটনার খবর পান। আবহাওয়া ও নদীর পরিস্থিতি প্রতিকূল থাকায় সড়কপথে ঘটনাস্থলে যেতে হয়েছে। পরে পরিস্থিতি অনুকূলে এলে ডুবুরি দলকে দিয়ে উদ্ধার অভিযান শুরু করা হয়। বিআইডব্লিউটিএর ডুবুরি দলও এতে অংশ নেয়।
চাঁদপুর বিআইডব্লিউটিএর সহকারী পরিচালক সঞ্জয় দেবনাথ জানান, চারজন ডুবুরি ঘটনাস্থলে তল্লাশি চালাচ্ছেন। নদীতে স্রোত থাকায় ঘটনাস্থলে সন্ধান না মিললে ভাটির দিকেও অভিযান চালানো হবে।
মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি জানান, বিষয়টি জানার পর সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে নিখোঁজ যুবকের সন্ধানে প্রয়োজনীয় উদ্ধার তৎপরতা চালানোর নির্দেশনা দেওয়া হয়েছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত মেঘনা নদীতে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
ফম/এমএমএ/



