চাঁদপুর : চাঁদপুরের শাহরাস্তিতে যৌথ বাহিনীর অভিযানে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ জাহিদ (১৮) নামে তালিকাভুক্ত মাদক কারবারি গ্রেপ্তার হয়েছে।
সোমবার (৪ মে) বেলা ১১টার দিকে তাকে উপজেলার শেঠিনারায়নপুর নামক স্থান থেকে প্রেপ্তার করা হয়। বিকেলে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর সদর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান।
তিনি বলেন, বেলা ১১টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে হাজীগঞ্জ আর্মি ক্যাম্প ও শাহরাস্তি থানা পুলিশ কর্তৃক তালিকাভুক্ত মাদক কারবারিদের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে শাহরাস্তি উপজেলার শেঠিনারায়নপুর নামক স্থান থেকে তালিকাভুক্ত মাদক কারবারি জাহিদকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য উদ্ধারকৃত দ্রব্যসামগ্রী এবং গ্রেপ্তার ব্যাক্তিকে শাহরাস্তি থানা পুিলশের নিকট হস্তান্তর করা হয়।
গেল বছর ৪ সেপ্টেম্বর তারিখ হতে যৌথ বাহিনীর নেতৃত্বে চাঁদপুর জেলায় সকল অস্ত্রধারী সন্ত্রাসাী, মাদক কারবারি এবং অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে। ইতোমধ্যে জেলার বিভিন্ন স্থান থেকে বহু অপরাধী গ্রেপ্তার হয়েছে।
ফম/এমএমএ/



