চাঁদপুরে যৌথ বাহিনীর অভিযানে গরু চোর গ্রেপ্তার

চাঁদপুর : চাঁদপুর সদরে যৌথ বাহিনীর অভিযানে সোহাগ পাটওয়ারী (৩৭) নামে তালিকাভুক্ত গরু চোর গ্রেপ্তার হয়েছে।

সোমবার (৫ মে) দুপুরে শহরের বিপনীবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিকেলে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর সদর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট জাবিদ হাসান।

তিনি বলেন, সদর আর্মি ক্যাম্প ও চাঁদপুর সদর মডেল থানা পুলিশ কর্তৃক তালিকাভুক্ত অপরাধী ও চোরাকারবারীদের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে শহরের বিপনীবাগ এলাকা থেকে গরু চোর সিন্ডিকেট এর মূলহোতা সোহাগ পাটওয়ারীকে গ্রেপ্তার করা হয়।

পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য গ্রেপ্তার ব্যাক্তিকে চাঁদপুর সদর মডেল থানা পুলিশের নিকট হস্তান্ত করা হয়।

গেল বছর ৪ সেপ্টেম্বর তারিখ হতে যৌথ বাহিনীর নেতৃত্বে চাঁদপুর জেলায় সকল অস্ত্রধারী সন্ত্রাসাী, মাদক কারবারি এবং অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে। ইতোমধ্যে জেলার বিভিন্ন স্থান থেকে বহু অপরাধী গ্রেপ্তার হয়েছে।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম