শাহরাস্তিতে ডা. জিল্লুর রহমানকে আবেগঘন বিদায় সংবর্ধনা

চাঁদপুর: চাঁদপুরের শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ জিল্লুর রহমানকে বিদায় জানাতে সহকর্মীদের পক্ষ থেকে আবেগঘন সংবর্ধনা জানানো হয়েছে।

বুধবার (২ জুলাই) দুপুরে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আকলিমা জাহান। তিনি তাঁর বক্তব্যে বলেন,
“ডা. জিল্লুর রহমান একজন পরিশ্রমী, দায়িত্ববান ও মানবিক চিকিৎসক। তিনি শুধু একজন সহকর্মী ছিলেন না, বরং আমাদের পরিবারেরই একজন সদস্য ছিলেন। তাঁর মতো চিকিৎসককে বিদায় জানানো কষ্টকর হলেও তাঁর কর্মময় জীবন ও অবদান আমাদের মাঝে স্মরনীয় হয়ে থাকবে।”

অনুষ্ঠানে বক্তব্য রাখেন জুনিয়র কনসালটেন্ট ডা. খন্দকার আতিকুর রহমান, ডা. মোহাম্মদ মুশফিক বিন বাকের, মেডিকেল অফিসার ডা. সাইফুল ইসলাম, ডা. আয়েশা সিদ্দিকা, ডা. সারোয়ার হোসেন, ডা. খালিদুর রহমান, ডা. আফতাবুল আলম, ডা. আবদুল্লাহ আল মামুন, ডা. নূরুন নবী, ডা. প্রিয়াঙ্কা পোদ্দার, হোমিওপ্যাথি মেডিকেল অফিসার ডা. ফরিদা ইয়াসমিন প্রমুখ।
তাঁরা ডাঃ জিল্লুরের কর্মনিষ্ঠা, রোগীদের প্রতি আন্তরিকতা এবং মানবিক আচরণের কথা স্মরণ করে আবেগে আপ্লুত হয়ে পড়েন। সহকর্মীদের মতে, তাঁর সাহস, উদারতা ও সহানুভূতি রোগীদের মাঝে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

সংবর্ধনা অনুষ্ঠানে ফুল, ক্রেস্ট ও শুভেচ্ছা উপহার দিয়ে তাঁর প্রতি সম্মান ও কৃতজ্ঞতা জানানো হয়। আবেগঘন মুহূর্তে ডাঃ জিল্লুর রহমান বলেন,

শাহরাস্তি আমার হৃদয়ের একটি বিশেষ স্থান। এখানকার মানুষ, সহকর্মী ও পরিবেশ সবকিছুই আমার জীবনের অমূল্য স্মৃতি হয়ে থাকবে। বিদায়ের কষ্ট বুকে নিয়েই আমি যাচ্ছি, তবে আপনাদের ভালোবাসা আমার চলার পথে প্রেরণা হয়ে থাকবে।

অনুষ্ঠান শেষে একান্ত পারিবারিক পরিবেশে কেক কাটা ও ছবি তোলার মাধ্যমে শেষ হয় এই বিদায় আয়োজন। পুরো অনুষ্ঠান জুড়ে ছিলো এক গভীর আবেগ, কৃতজ্ঞতা এবং ভালোবাসার আবহ।

প্রসঙ্গত, ডিপ্লোমা ইন অর্থোপেডিক্স কোর্সে অধ্যয়ন উপলক্ষে ডা. জিল্লুর রহমানকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ পদায়ন করা হয়েছে।

ফম/এমএমএ/

ফয়েজ আহমেদ | ফোকাস মোহনা.কম