লঞ্চে যাত্রী কম, রাজধানীমুখী যাত্রীদের আরামদায়ক ভ্রমন

চাঁদপুর : পবিত্র ঈদুল ফিতরের পঞ্চম দিনে চাঁদপুর লঞ্চঘাটে যাত্রী সংখ্যা স্বাভাবিক। ঈদের পরদিন থেকে অনেকেই বাড়ী থেকে কর্মস্থলের উদ্দেশ্যে রওয়ানা হন। গত তিনদিন যাত্রী অন্য সময়ের মত। তবে আগামী শুক্র ও শনিবার যাত্রী বাড়তে পারে বলে জানালেন লঞ্চ মালিক প্রতিনিধিরা। এখন যাত্রীরা অনেকটা আরামদায়ক ভ্রমন হিসেবে চাঁদপুর থেকে সদরঘাটে যাচ্ছেন।

বুধবার (২৬ এপ্রিল) সকাল ৯টা থেকে বেলা পৌনে ১১টা পর্যন্ত চাঁদপুর লঞ্চঘাটে অবস্থান করে দেখাগেল যাত্রী সংখ্যা কম। ঈদ পরবর্তী সময় যে পরিমান যাত্রী সংখ্যা হওয়ার কথা তেমন নেই। প্রতি আধাঘন্টা পর পর লঞ্চগুলো সদরঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। কোন যাত্রী এখন আর লঞ্চে দাঁড়িয়ে যেতে চান না। কারণ অপেক্ষা করলেই আরেকটি লঞ্চ এসে ঘাটে বিড়ছে।

সকাল ৮টায় সিডিউল সময় নির্ধারণ ছিল এমভি ঈগল-৩ লঞ্চের জন্য। এটি যান্ত্রিক ত্রুটির কারণে যাত্রা বাতিল করে। সকাল ৯টায় একই কোম্পানির এমভি ঈগল-৭ দুই লঞ্চের যাত্রী নিয়ে ঘাট ত্যাগ করে। এতেও অতিরিক্ত যাত্রী হয়নি।

সকাল ১০টায় সদরঘাট থেকে চাঁদপুর ঘাটে আসে এমভি ইমাম হাসান। এই লঞ্চে বেশকিছু যাত্রীছিল। একই সময়ে সদরঘাটের উদ্দেশ্যে ছেড়ে যায় এমভি ঈগল-৯। সকাল ১০টা ৪০ মিনিটে সদরঘাটের উদ্দেশ্যে ছেড়ে যায় এমভি বোগদাদিয়া-১৩। এটি হাইমচর উপজেলার চরভৈরবী, চাঁদপুর ও ঢাকার মধ্যে নিয়মিত চলাচল করে।

ফরিদগঞ্জ থেকে আসা যাত্রী শামীম জানান, ঘাটে এসে পেয়েছি এমভি রফ রফ। এটি সকাল সাড়ে ৯টায় ছেড়ে যায়। নীচ তলার সব আসনে যাত্রী আছে। দাঁড়িয়ে যাওয়ার ইচ্ছে নেই। যে কারণে পরের লঞ্চের অপেক্ষায় আছি।

চাঁদপুর সদরের বালিয়া এলাকার যাত্রী রোকেয়া বেগম ও তার স্বামী আজিজুল হক জানান, ঈদের আগের দিন গত শুক্রবার যখন বাড়ীতে এসেছি, তখনও লঞ্চে কোন ভীড় ছিল না। আজকেও কোন ভীড় নেই। এবার আমাদের লঞ্চ আসা-যাওয়া অনেকটা আরামদায়ক হয়েছে। আগে ঈদের সময় লঞ্চে দাঁড়ানোর জায়গা পেতাম না।

লঞ্চ মালিক প্রতিনিধি আজগর আলী সরকার বলেন, প্রতি আধাঘন্টা পর পর লঞ্চ আছে। যাত্রীদের কোন সমস্যা হচ্ছে না। ঈদের পর থেকে আজকে পর্যন্ত স্বাভাবিক যাত্রী নিয়ে লঞ্চগুলো যাচ্ছে। তবে এখনো কিছু কিছু মানুষ ঢাকা থেকে চাঁদপুরে আসছেন। শুক্র ও শনিবার ঢাকামুখী যাত্রী সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করছি।

বিআইডাব্লিউটিএ চাঁদপুর লঞ্চঘাটের দায়িত্বরত ট্রাফিক পরিদর্শক (টিআই) শাহ আলম বলেন, এ বছর ঈদের আগ থেকে এখন পর্যন্ত লঞ্চে যাত্রী স্বাভাবিক। কোন স্পেশাল লঞ্চের প্রয়োজন হয়নি। আমাদের নিয়মিত ২৫টি লঞ্চ ঢাকা যাচ্ছে এবং ২৬টি লঞ্চ চাঁদপুর ঘাটে আসছে। এছাড়াও চাঁদপুর-নারায়নগঞ্জের মধ্যে চলাচলকারী ছোট লঞ্চগুলো নিয়মিত চলছে।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম