চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলার রামপুর ইউনিয়নে জমিজমা সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় মো. আব্দুল হাই মিজি নামে ব্যাক্তি রক্তাক্ত জখম হওয়ার অভিযোগ উঠেছে।
শুক্রবার (৩ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে ওই ইউনিয়নের দক্ষিণ আলগী গ্রামের মিজি বাড়ীতে এই হামলার ঘটনা ঘটে।
জানাগেছে, চাঁদপুর সদর উপজেলার ৫ নং রামপুর ইউনিয়নের দক্ষিণ আলগী গ্রামের মিজি বাড়ির বাসিন্দা মো. আব্দুল হাই মিজি ও লতিফ মিজির সাথে জমিজমা সংক্রান্ত বিরোধ দীর্ঘদিন যাবত চলে আসছে।
এ বিরোধের জের ধরে ৩ মার্চ বেলা সাড়ে ১১টার দিকে লতিফ মিজির ছেলে সোহেল মিজি (৩২), জাহাঙ্গীর মিজি (৩৫), আলমগীর মিজি (৪০), ফারুক মিজি (৫০), খোরশেদ মিজি (৩৮)সহ আরো সংঘবদ্ধ কয়েকজনকে নিয়ে এবং দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে হাই মিজির সম্পওি দখল করার চেষ্টা চালালে তিনি এতে বাঁধা প্রদান করেন। এ সময় উল্লেখিত ব্যক্তিরা হাই মিজিকে পিটিয়ে রক্তাক্ত জখম করে।
পরে তাঁর পরিবারের সদস্যরা হাই মিজিকে বাঁচাতে ৯৯৯ নাম্বারে কল করে আইনপ্রয়োগকারী সংস্থার সহযোগিতা নিয়ে গুরুতর আহত অবস্থায় তাঁকে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়।
বর্তমানে আহত হাই মিজি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ বিষয় আহতের পরিবারের পক্ষ থেকে চাঁদপুর সদর মডেল থানায় একটি অভিযোগ দিয়েছেন।
রামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আল মামুন পাটোয়ারী বলেন, আমি ঘটনা শুনে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়েছি। এর বাইরে তিনি আর কিছু বলতে চাননি।
ফম/এমএমএ/



