চাঁদপুরে যাত্রীবাহী ট্রলার থেকে মাদক সহ দুই পাচারকারী আটক

চাঁদপুর : চাঁদপুর মেঘনা নদীর মোহনা এলাকায় যাত্রীবাহী ট্রলারে অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।

সোমবার (১৩ এপ্রিল) বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ বেলা ১১টার দিকে কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর কর্তৃক মেঘনা নদীর মোহানা সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ওই এলাকায় সন্দেহজনক একটি যাত্রীবাহী ট্রলার তল্লাশি করে প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৫ কেজি গাঁজাসহ ২ জন মাদক পাচারকারীকে আটক করা হয়।

জব্দকৃত গাঁজা ও আটককৃত মাদক পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, মাদক পাচার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম