যমজ ভাই-বোনের একসঙ্গে জিপিএ-৫, আনন্দে পরিবার

চাঁদপুর: চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় এবারের এসএসসি পরীক্ষায় যমজ ভাই-বোন কৌশিক ঘোষ ও সুপ্তি ঘোষ জিপিএ-৫ অর্জন করেছে। একই পরিবারের দুই সন্তান একসঙ্গে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করায় পরিবার, স্বজন ও শিক্ষকদের মধ্যে বইছে আনন্দের জোয়ার।

কৌশিক ও সুপ্তি উপজেলার ঘোষপাড়া এলাকার সজল চন্দ্র ঘোষ ও মনি রানী ঘোষ দম্পতির সন্তান। তাঁদের বাবা মতলব উপজেলা সদর বাজারে ব্যবসা করেন। মা মনি রানী ঘোষ গৃহিণী।

যমজ ভাই-বোন দুজনই কেএফটি কলেজিয়েট স্কুলের বিজ্ঞান বিভাগ থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নেয়। ফল প্রকাশের পর দুজনের জিপিএ-৫ পাওয়ার খবর ছড়িয়ে পড়লে পরিবার, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা দেয়।

কৌশিক ও সুপ্তি জানায়, ভালো ফলাফলের জন্য তারা বাবা-মা, শিক্ষক ও প্রতিষ্ঠানের অধ্যক্ষের প্রতি কৃতজ্ঞ। ভবিষ্যতে কৌশিক বায়োকেমিস্ট হতে চায়। আর সুপ্তির স্বপ্ন চিকিৎসক হওয়া।

কৌশিক-সুপ্তির বাবা সজল ঘোষ বলেন, একসঙ্গে ছেলে-মেয়ে দুজনের ভালো ফলাফলে আমরা অত্যন্ত আনন্দিত। তাদের ভবিষ্যৎ জীবনের জন্য সবার কাছে আশীর্বাদ ও শুভকামনা চাই।

কেএফটি কলেজিয়েট স্কুলের প্রভাষক বদিউল আলম বাবু জানান, এ বছর প্রতিষ্ঠানটি থেকে ৭৪ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। তাঁদের মধ্যে ২৩ জন জিপিএ-৫ পেয়েছে। পাসের হার ৯৮ দশমিক ৬৫ শতাংশ।

তিনি বলেন, একই প্রতিষ্ঠানের দুই যমজ ভাই-বোনের জিপিএ-৫ অর্জনে আমরা অত্যন্ত আনন্দিত। কৌশিক ও সুপ্তির এই সাফল্য শুধু তাদের পরিবারের জন্য নয়, শিক্ষাপ্রতিষ্ঠান ও এলাকার জন্যও গর্বের বিষয়। তাদের আগামী দিনের স্বপ্ন পূরণে এই সাফল্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

ফম/এমএমএ/

উপজেলা করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম