মেঘনায় ট্রলার থেকে ১৫০মণ জাটকা জব্দ

চাঁদপুর :  চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদীতে অভিযান চালিয়ে একটি ট্রলার থেকে ১৫০মণ (৬হাজার কেজি) জাটকা জব্দ করেছে কোস্টগার্ড।

শনিবার (০১ এপ্রিল ) দুপুরে কোস্ট গার্ড ঢাকা জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ শনিবার ভোরে বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোন অধিনস্থ বিসিজি আউটপোস্ট মোহনপুর কর্তৃক সাব লেফটেন্যান্ট ফজলুল হক এর নেতৃত্বে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার লক্ষ্মীচর সংলগ্ন মেঘনা নদীতে একাটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি ইঞ্জিন চালিত স্টিল বডি ট্রলার তল্লাশী করে আনুমানিক ৬ হাজার কেজি (১৫০ মণ) জাটকা জব্দ করা হয়। ট্রলারে জাটকার মালিক দাবী করার কাউকে না পাওয়ায় কোন আসামী আটক হয়নি।

অভিযানে উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা রাশেদুজ্জামান।

তিনি আরও বলেন, পরবর্তীতে মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত জাটকা স্থানীয় ১৭ টি এতিমখানা ও গরীব দুস্থদের মাঝে বিতরণ করা হয়।

ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষে ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দুই মাস পদ্মা-মেঘনার অভয়াশ্রম এলাকায় ইলিশসহ সব ধরণের মাছ আহরণ, বেচা-কেনা, মওজুদ ও পরিবহন নিষিদ্ধ করেছে সরকার। কেউ মৎস্য আইন অমান্য করলে দুই বছরের সর্বোচ্চ কারাদন্ড বা ৫ হাজার টাকা জরিমানা বা উভয় দন্ডের বিধান রয়েছে।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম