রমজানে গ্রাহকদের বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান

প্রতিকী ছবি।

পবিত্র রমজান মাসে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে গ্রাহকদের বিভিন্ন নির্দেশনা জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। .

শনিবার (১ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিগত একযুগে বিদ্যুৎখাতে অভাবনীয় উন্নতির ফলে একদিকে যেমন দেশের জনগণকে বিদ্যুৎ সুবিধার আওতায় নিয়ে আসা হয়েছে, তেমনি চাহিদার তুলনায় বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বৃদ্ধি পেয়েছে। সরকার গ্রাহকদের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করছে। চলতি বছরে রমজান, গ্রীষ্মকাল ও সেচ মৌসুমে একই সময় হওয়ায় বিদ্যুতের চাহিদা অত্যাধিক বৃদ্ধি পেয়েছে। তাই রমজান মাসে বিদ্যুৎ ব্যবহারে গ্রাহকের সাশ্রয়ী হওয়ার অনুরোধ করা হচ্ছে।

বিদ্যুৎ সাশ্রয়ে যেসব নির্দেশনা দেওয়া হলো : বিদ্যুতের অপচয় রোধে বিদ্যুৎ সাশ্রয়ী সরঞ্জামের ব্যবহার করা, দিনের বেলায় জানালার পর্দা খুলে রাখে সূর্যের আলোর ব্যবহার নিশ্চিত করা, ইফতার ও তারাবির সময় মসজিদ, শপিংমল ও অন্যান্য বাণিজ্যিক প্রতিষ্ঠানে এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস রাখা, দোকানপাঠ, শপিংমল, বিপণীবিতান ও ফিলিং স্টেশনে অপ্রয়োজনীয় বাতি পরিহার করা, পিক আওয়ারে বৈদ্যুতিক বিল বোর্ড, রি রোলিং মিল, ওয়েল্ডিং মেশিন, ওভেন ও ইস্ত্রির ব্যবহার বন্ধ রাখা, ইজিবাইক, অটোরিকশা ইত্যাদির অবৈধ চার্জিং বন্ধ করা, অফপিক সময়ে রাত ১১টা থেকে সকাল ৯টা পর্যন্ত সেচ পাম্প চালানো ও সিএনজি পাম্পসমূহ বিকেল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত বন্ধ রাখা।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, আত্মশুদ্ধি ও আত্মসংযমের চর্চার উত্তম সময় মাহে রমজান। ইসলামি মূল্যবোধের আলোকে পবিত্র রমজান মাসে বিদ্যুতের অপচয় রোধ ও বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান করা হয়।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম