চাঁদপুর : চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) এ এস এম মোসা বলেছেন, শুধু আইন দিয়েই নয়, মাদক প্রতিরোধ করতে সচেতনতা অবলম্বন করতে হবে। মাদকসেবীদের চাহিদা কমিয়ে দিতে হবে। তখন এমনিতেই মার্কেট থেকে মাদক শেষ হয়ে যাবে। আমরা আমাদের যুব সমাজকে দেশের উন্নয়নে কাজে লাগাতে চাই। আমাদের দেশের উন্নয়ন করতে চাইলে সবাইকে নিয়ে কাজ করতে হবে। আমাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে সাধারণ মানুষকে সচেতন করা।
সোমবার (২০ মার্চ) সকাল থেকে চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, একটি শিক্ষা প্রতিষ্ঠানও মাদক নির্মূলে বিশেষ ভূমিকা রাখতে পারে। সংশ্লিষ্টদের কাছে মাদকসেবীদের পরিচয় করতে হবে। আইন আবেগ দিয়ে চলে না। আইন চলে তথ্য উপাত্তের মাধ্যমে। মাদক পররতিরোধে গণমাধ্যমেরও অনেক ভূমিকা রয়েছে। নিজেদের সোর্সের মাধ্যমে মাদকের অপব্যবহার সম্পর্কে বলতে হবে। এছাড়াও মাদকসেবীদেরও বুঝানো যেতে পারে।
কর্মশালার উদ্বোধন করেন চাঁদপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান¡ নুরুল ইসলাম নাজিম দেওয়ান।
তিনি বক্তব্যে বলেন, আমরা সবাই মাদককে ঘৃনা করি। মাদক যারা সেবন করে এবং মাদক যারা বিক্রি করে তারা আমাদের সমাজের কোন উপকার করে না। বরং তার দ্বারা সামাজিক অনেক ক্ষতি হয়। একটা মাদক কারবারি বা সেবনকারী যদি একটি পরিবারে থাকে সেই পরিবার দ্রুতই ধ্বংসের পথে চলে যায়। মাদক পরিহারের ক্ষেত্রে বা মাদক সমাজ থেকে উঠিয়ে ফেলতে জনপ্রতিনিধি দায়িত্ব অনেক গুরুত্ব বহন করে। মাদক চক্রকে আইনের হাতে ধরিয়ে দিতে আমাদের সকলকে জোড়ালো ভূমিকা রাখতে হবে। আমাদের সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা শাহনাজের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রশিদ ও চাঁদপুর প্রেসক্লাব ভারপ্রাপ্ত সভাপতি সোহেল রুশদী।
স্বাগত বক্তব্য ও মাদকদ্রব্য অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্যে সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নের উপর ডকুমেন্টারি উপস্থাপন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক মো. এমদাদুল ইসলাম মিঠুন।
ফম/এস.পলাশ/এমএমএ/


