গাছ কেটে জমি দখলের অভিযোগ

চাঁদপুর: চাঁদপুরের লক্ষ্মীপুর ইউনিয়নে আদালতের নির্দেশনা উপেক্ষা করে জোরপূর্বক জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। ঘটনাটি সদর উপজেলার রঘুনাথপুর ২নম্বর ওয়ার্ডে।
অভিযোগকারী মোজাম্মেল হোসেন জানান, তার পৈত্রিক সম্পত্তিতে একটি চক্র জোরপূর্বক প্রবেশ করে গাছ কেটে জমি দখলের চেষ্টা করছে। বিষয়টি আদালতে বিচারাধীন থাকা সত্ত্বেও অভিযুক্তরা এ কার্যক্রম অব্যাহত রেখেছে বলে তিনি দাবি করেন।
জানা যায়, উক্ত জমি নিয়ে বণ্টন মামলা নম্বর ৪৭৮/২১ এবং প্রিয়েশান মামলা নম্বর ২৪৯/২৩ বর্তমানে আদালতে চলমান রয়েছে। একই সঙ্গে জমিটির ওপর আদালতের নিষেধাজ্ঞাও কার্যকর আছে। তবুও আইন অমান্য করে গাছ কাটা ও দখল কার্যক্রম চালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।
মোজাম্মেল হোসেনের অভিযোগ, তার চাচা ও চাচীর কাছ থেকে একটি চক্র গোপনে শহীদ বেপারী গংদের মাধ্যমে প্রায় ৫৭ শতাংশ জমি ক্রয় করে। পরবর্তীতে ওই জমি নিয়ে আইনি জটিলতা তৈরি হলে একাধিক মামলা দায়ের করা হয়।
এরই মধ্যে অভিযুক্ত চক্রটি আবার হাবিব খান ও দুদু খানের কাছে প্রায় ১৬ শতাংশ জমি বায়না দেয়। পরে তারা জমির ওপর থাকা প্রায় ১০ থেকে ১৫টি গাছ কেটে ফেলে। এতে বাধা দিলে হামলার চেষ্টার অভিযোগও করেন তিনি।
এ ঘটনায় মোজাম্মেল হোসেন চাঁদপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং আইনগত সহায়তা কামনা করেছেন।
আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও এ ধরনের গাছ কাটা ও জমি দখলের অভিযোগ স্থানীয়দের মাঝে উদ্বেগ সৃষ্টি করেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
ফম/এমএমএ/

এস.এম. সোহেল | ফোকাস মোহনা.কম