মলতব উত্তর (চাঁদপুর): বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল বলেছেন, আমার চোখে ছোট ছোট প্রতিটি ছেলে মেয়েই ভবিষ্যৎ খেলোয়াড়। তাই প্রান্তিক পর্যায় থেকে খেলোয়াড় তুলে আনব। তারাই যোগ্য খেলোয়াড় হয়ে জাতীয় দলে খেলবে।
শুক্রবার (৩১ অক্টোবর) বিকালে মতলব উত্তর-দক্ষিণ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন আয়োজিত আরাফাত রহমান কোকো প্রীতি ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তাবিথ আউয়াল আরও বলেন, যেখানেই টেলেন্ট পাব সেখান থেকেই খেলোয়াড় তুলে আনব এবং বাছাই করার স্বীকৃতিও আমরা পেয়েছি। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আমরা খেলোয়াড় বাছাই করে আনব। সেজন্য আমরা অঞ্চল ভিত্তিক ক্যাম্পেইনের ব্যবস্থা করব। বিশেষ করে চরাঞ্চলগুলোতেও এ ব্যাপারে আমরা বিশেষ নজর দিব। সকলে নিজের শারীরিক ও মানসিক সুস্থতার জন্য ক্রীড়ায় সম্পৃক্ত থাকবেন।
প্রীতি ফুটবল টুর্নামেন্টে মতলব উত্তর উপজেলা বনাম মতলব দক্ষিণ উপজেলা অংশগ্রহণ করেন। মতলব দক্ষিণ উপজেলাকে ২-০ গোলে হারিয়ে মতলব উত্তর উপজেলা চ্যাম্পিয়ন হয়। হাজার হাজার দর্শক স্রোতা খেলা উপভোগ করেন।
সভাপতির বক্তব্যে ডক্টর এসোশিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর সহ-সভাপতি ও চাঁদপুর জেলা বিএনপির সদস্য প্রফেসর ডাঃ সরকার মাহবুব আহমেদ শামীম বলেন, আমি এমপি হই বা না হই বিএনপি ক্ষমতায় আসলে স্বাস্থ্য খাতে ব্যাপক উন্নয়ন করার সুযোগ পাব। যেহেতু আমি স্বাস্থ্য সংস্কার কমিটির সদস্য। চরাঞ্চলে স্বাস্থ্যসেবা বঞ্চিত মানুষের জন্যে উপস্বাস্থ্য কেন্দ্র স্থাপন করা হবে। এবং রাস্তাঘাট উন্নয়ন করা হবে। তাই আগামী নির্বাচনে তারেক রহমানকে ক্ষমতায় আনতে সবাই ধানের শীষে ভোট দিবেন।
খেলা শেষে প্রধান অতিথি, সভাপতি ও অন্যান্য অতিথিরা চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।
ফম/আরাফাত/এমএমএ/



