চাঁদপুর : চাঁদপুরের মতলব দক্ষিণে পুকুরের পানিতে ডুবে জমজ দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরে উপজেলার পিংড়া বাজার এলাকায় বহরি গ্রামে খান বাড়িতে এই ঘটনা ঘটে।
নিহত শিশু জুবায়েদ ও জুনায়েদ (৫) ওই বাড়ির শরীফ খানের ছেলে।
স্বজনরা জানায়, সকালে দুই শিশু বিদ্যালয়ের থেকে বাড়িতে এসে পুকুর ঘাটে তাদের বই রেখে খেলাধুলা করছিল। হঠাৎ খেলার ছলে জমজ দুই ভাই পুকুরে পড়ে যায়। ওই সময় রান্নার কাজে ব্যস্ত ছিল তাদের মা। পরে বাড়ির লোকজন পুকুরে তাদের ভাসমান অবস্থায় দেখে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক জমজ দুই ভাইকে মৃত ঘোষণা করেন।
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার মোজাম্মেল জানান, জমজ দুই শিশু হাসপাতলে আনার অনেক পূর্বেই মারা গেছে।
স্থানীয় ইউপি সদস্য মোঃ কাউসার জানান, জমজ দুই শিশুর মৃত্যু বিষয়টি খুবই মর্মান্তিক। দুই শিশুই স্থানীয় বহরি কিন্ডারগার্টেনে শিশু শ্রেণিতে পড়ত। বিদ্যালয় থেকে এসে বাড়ির পুকুরের পানিতে ডুবে মারা যায়।
ফম/এমএমএ/


