চাঁদপুর: পবিত্র মক্কায় হাজীদের সেবায় নিয়োজিত রয়েছেন শাহরাস্তি উপজেলার চিতোষী পশ্চিম ইউনিয়নের একই গ্রামের দুই যুবক ডাঃ আবু নাছের শাকিল ও হাফেজ মুহাম্মদ হাসান মানছুর মাক্কী। আল্লাহর ঘরের আগত অতিথিদের সেবায় নিয়োজিত দুই যুবকের এ কাজে খুশি তাঁদের স্বজন ও এলাকাবাসী।
খোঁজ নিয়ে জানাগেছে, উপজেলার চিতোষী পশ্চিম ইউনিয়নের আয়নাতলী গ্রামের বীরমুক্তিযোদ্ধা মরহুম আবু ইউসুফ পাটোয়ারীর পুত্র শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ আবু নাছের শাকিল বাংলাদেশ হজ মিশন মক্কা শাখার মেডিক্যাল টিমের অন্যতম সদস্য হিসেবে বর্তমানে মক্কায় অবস্থান করছেন। একই গ্রামের পুরান পাটওয়ারী বাড়ীর মুহাম্মদ আব্দুল হান্নান পাটওয়ারীর ছেলে হাফেজ হাছান মানছুর মাক্কী বাংলাদেশের হজ্ব মিশন ও পবিত্র মসজিদে হারামে অনুবাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এ দুই যুবক পবিত্র হজ্জ উপলক্ষে হাজীদের জরুরি চিকিৎসা সেবা, ভাষাগত সহায়তা ও হজ্জ সম্পৃক্ত মাসলা মাসায়েল জানিয়ে দিচ্ছেন।
এছাড়া হজ করতে এসে যেসব হাজী সাহেব অসুস্থ হয়ে পড়েন তাঁদের সাথে দোভাষী হিসেবে কাজ করেন মানছুর। হাজীদের কষ্টের কথাগুলো ভাষান্তর করে জানান এখানকার চিকিৎসকদের। এ ছাড়া আরবী ভাষায় চিঠি চালাচালিসহ অসুস্থ হাজীদের দেশে পাঠানো পর্যন্ত সব প্রক্রিয়াতে যুক্ত থাকতে হয় মানছুরকে।
বাবা বেঁচে থাকলে আজ খুব খুশি হতেন বলে চিকিৎসক আবু নাছের শাকিল মুঠোফোনে জানান, বাবা একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন। দেশকে শত্রুমুক্ত করতে তিনি যুদ্ধ করেছিলেন। তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশের মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করতে চিকিৎসকের পেশায় এসেছি। আজ আল্লাহ আমাকে একজন চিকিৎসক হিসেবে তাঁর ঘরের মেহমানদের সেবায় আসার সুযোগ দিয়েছেন যাতে স্বর্গীয় প্রশান্তি রয়েছে।
টানা ১৬ থেকে ১৮ ঘন্টা কাজ করেও ক্লান্তিবোধ আসে না জানিয়ে হাফেজ মুহাম্মদ হাসান মানছুর মাক্কী জানান, আল্লাহর ঘরের মেহমানদের জন্যে কাজ করার সুযোগ পেয়ে আমি আনন্দিত, আজীবন আমি এ খেদমতে থাকতে চাই।
আয়নাতলী গ্রামের যুবক মোঃ রাকিবুল হাসান জানান, আমাদের গ্রামের দুই ভাই মক্কায় হাজীদের সেবায় নিয়োজিত রয়েছেন। গ্রামবাসী হিসেবে তাঁদের জন্য আমরা গর্বিত।
একই এলাকার ব্যবসায়ী ইব্রাহিম খলিল জানান, ডাঃ শাকিল ও হাফেজ মানছুর আমাদের গ্রামের আলোকিত সন্তান। তাদের নিয়ে আমরা গর্বিত ও আনন্দিত।
চিতোষী পশ্চিম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জোবায়েদ কবির বাহাদুর জানান, আমাদের ইউনিয়নের একই গ্রামের ২ যুবক পবিত্র মক্কায় হাজীদের সেবা করছেন যেটা অত্যন্ত আনন্দের সংবাদ। তারা আমাদের এলাকার সুনাম বৃদ্ধি করেছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ নাসির উদ্দিন জানান, স্বাস্থ্য মন্ত্রণালয় ও ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে হাজীদের চিকিৎসা টিমে ডাঃ শাকিল চিকিৎসক হিসেবে যুক্ত হয়েছেন। এ কাজ অত্যন্ত মর্যাদাপূর্ণ। তিনি এ সুযোগ পাওয়ায় আমরা আনন্দিত।
পারিবারিক সূত্রে জানাগেছে, ডাঃ আবু নাসের শাকিল উপজেলার সূচীপাড়া ডিগ্রি কলেজ থেকে এইচএসসি ও সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেন। ৩৯ তম বিসিএসে স্বাস্থ্য ক্যাডার হিসেবে তিনি যোগদান করেন। চাকরিসূত্রে জেলার কচুয়া ও ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় মেডিকেল অফিসার হিসেবে কাজ করেছেন। বর্তমানে তিনি নিজ এলাকার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার হিসেবে কর্মরত রয়েছেন।
হাফেজ মুহাম্মদ হাসান মানছুর মাক্কী ২০১৪ সালে মক্কা বিশ্ববিদ্যালয়ে (জামেয়া উম্মুল কোরা) স্কলারশিপ পেয়ে সেখানে অনার্স ও উচ্চতর ডিপ্লোমা শেষ করেছেন। বর্তমানে তিনি পবিত্র মসজিদ আল হারাম, মক্কায় বাংলাদেশের হজ্ব মিশনের অনুবাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি অনুবাদক হিসেবে সৌদি সরকার পরিচালিত দা’ঈ ইলাল্লাহতে, বাংলাদেশ হজ মিশন, কন্ট্রোল রুম পরিচালক, আন নূর হাসপাতাল, কিং আব্দুল্লাহ হাসপাতাল, কিং ফয়সাল হাসপাতাল, কিং আব্দুল আজিজ হাসপাতাল আজইয়াদ হাসপাতাল ও সরকারি লোকাল হজ গাইড বাংলাদেশ এর অনুবাদক হিসেবে ৫ বছর ধরে কাজ করে আসছেন।
ফম/এমএমএ/ফয়েজ আহমেদ/



