ইসলামী ব্যাংকের আর্থিক নিরাপত্তা ও লেনদেন বিষয়ক কর্মশালা

প্রধান অতিথির বক্তব্য দেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি চাঁদপুর শাখার এভিপি ও শাখা প্রধান মো. শাখাওয়াত হোসাইন।

চাঁদপুর: গ্রাহকদের মধ্যে আর্থিক সচেতনতা বৃদ্ধি, নিরাপদ ব্যাংকিং লেনদেন নিশ্চিতকরণ এবং ডিজিটাল আর্থিক সেবার সঠিক ব্যবহার সম্পর্কে ধারণা দিতে চাঁদপুরে আর্থিক সাক্ষরতা ও লেনদেন নিরাপত্তা বিষয়ক কর্মশালা ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ জুলাই) বিকেল ৩টায় চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা ইউনিয়নের চান্দ্রা বাজারস্থ ফাইয়াজ শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র চান্দ্রা এজেন্ট শাখার উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, চাঁদপুর শাখার এভিপি ও শাখা প্রধান মো. শাখাওয়াত হোসাইন।

তিনি বলেন, বর্তমান সময়ে আর্থিক সাক্ষরতা প্রতিটি নাগরিকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিরাপদ ব্যাংকিং লেনদেন নিশ্চিত করতে গ্রাহকদের সচেতন হওয়ার পাশাপাশি প্রতারণামূলক কল, ভুয়া লিংক ও ওটিপি (OTP) সংক্রান্ত প্রতারণা থেকে সতর্ক থাকতে হবে। প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে নিরাপদ ও সহজ ব্যাংকিং সেবা গ্রহণের ওপর তিনি গুরুত্বারোপ করেন।

জিউল হক মিলন পাটোয়ারীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, চাঁদপুর শাখার অফিসার মো. মজিবুল হক। উদ্বোধনী বক্তব্য রাখেন মাওলানা নূর মোহাম্মদ খান। এছাড়া বক্তব্য দেন মাওলানা মো. জয়নাল আবেদীন ও প্রবাসী এবিএম শরীফ।

কর্মশালায় স্থানীয় ব্যবসায়ী, গ্রাহক, সুধীজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা আর্থিক লেনদেনে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি নিরাপদ ডিজিটাল ব্যাংকিং ব্যবস্থা গড়ে তুলতে এ ধরনের কর্মশালার গুরুত্ব তুলে ধরেন।

ফম/এমএমএ/

মো. মাইনুল ইসলাম | ফোকাস মোহনা.কম