চাঁদপুর : চাঁদপুরের কচুয়া পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৫৩ কোটি ২২ লাখ ৯৬ হাজার ৮৫৬ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। আগের অর্থবছরের তুলনায় প্রায় ১০ কোটি টাকা বড় এ বাজেটে নতুন কোনো কর আরোপ করা হয়নি। নাগরিক সেবার মানোন্নয়ন, অবকাঠামো উন্নয়ন ও আধুনিক বর্জ্য ব্যবস্থাপনাকে বাজেটের প্রধান অগ্রাধিকার হিসেবে রাখা হয়েছে।
সোমবার (২৭ জুলাই) দুপুরে কচুয়া পৌরসভার হলরুমে আয়োজিত উন্মুক্ত বাজেট ঘোষণার অনুষ্ঠানে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান রাসেল এ বাজেট উপস্থাপন করেন।
ঘোষিত বাজেট অনুযায়ী, মোট আয় ধরা হয়েছে ৫৩ কোটি ২২ লাখ ৯৬ হাজার ৮৫৬ টাকা। এর মধ্যে রাজস্ব খাতে আয় ৮ কোটি ৩৩ লাখ ৬৭ হাজার ৯ টাকা, উন্নয়ন খাতে ৪৪ কোটি ৮৯ লাখ ২৯ হাজার ৮৪৭ টাকা এবং প্রারম্ভিক স্থিতি ২০ লাখ ৩৬ হাজার ৯ টাকা। মোট ব্যয় নির্ধারণ করা হয়েছে ৫১ কোটি ২৩ লাখ ৩১ হাজার টাকা। উন্নয়ন বাজেটে উদ্বৃত্ত ধরা হয়েছে ১ কোটি ৭৯ লাখ ২৯ হাজার ৮৪৭ টাকা। সব মিলিয়ে নতুন অর্থবছর শেষে ২০ লাখ ৩৬ হাজার ৯ টাকা উদ্বৃত্ত থাকবে বলে বাজেটে উল্লেখ করা হয়েছে।
বাজেট ঘোষণা অনুষ্ঠানে মাহমুদুল হাসান রাসেল বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই কচুয়া পৌরসভার নাগরিক সেবার মানোন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, বিশুদ্ধ পানি সরবরাহ সম্প্রসারণ এবং স্ট্রিট লাইট সচল রাখতে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। নতুন অর্থবছরেও নাগরিকদের ওপর অতিরিক্ত করের বোঝা চাপানো হয়নি।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবু নাছির, কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম (আকাশ), পৌর নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলাম, পৌর নির্বাহী প্রকৌশলী মোজাম্মেল হক, কচুয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি তরিকুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, ব্যবসায়ী প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/



