টাইটেল স্পন্সর ইস্পাহানি : ১৯ জানুয়ারি মাঠে গড়াচ্ছে বিপিএলের দশম আসর

ঢাকা: বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের দশম আসরে টাইটেল স্পন্সর হিসেবে বুধবার ইস্পাহানির নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
টুর্নামেন্টের নাম হবে ইস্পাহানি বিপিএল টি-টোয়েন্টি। পাওয়ার্ড বাই থাকবে নগদ।

দ্বিতীয়বারের মতো ইস্পাহানিকে টুর্নামেন্টের টাইটেল স্পন্সর হিসেবে ঘোষণা করা হলো। বিপিএলের সাথে কো-স্পন্সর হিসেবে থাকছে ইউসিএসআই ইউনিভার্সিটি এবং ওমেরা এলপিজি।

১৯ জানুয়ারি মাঠে গড়াচ্ছে বিপিএলের দশম আসর। উদ্বোধনী দিনে বেলা আড়াইটায় মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও দুর্দান্ত ঢাকা। দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা সাড়ে ৭টায় লড়বে সিলেট স্টাইকার্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

সাত দলের অংশগ্রহণের এই আসরে লড়বে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স, রানার্স-আপ সিলেট স্ট্রাইকার্স, রংপুর রাইডার্স, ফরচুন বরিশাল, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, খুলনা টাইগার্স ও দুর্দান্ত ঢাকা।

২৬ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি বিপিএলের ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এরপর আবার ঢাকায় ফিরবে বিপিএল। ১৩ থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত বিপিএলের ম্যাচ অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম