নির্বাচনের মাধ্যমেই গণতন্ত্রকে সুসংহত করা সম্ভব: আজম খান

শাহমাহমুদপুর ইউনিয়নে গণসংযোগ করেন বিএনপি নেতা আজাম খান। ছবি: সংগ্রহীত।

চাঁদপুর: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও  চাঁদপুর জেলা বিএনপির উপদেষ্টা, এবং সদর-হাইমচর আসনের মনোনয়ন প্রত্যাশী আজম খান তৃণমূল রাজনীতিতে ধীরে ধীরে জনপ্রিয়তার শিখরে উঠছেন।

তারুণ্যের অহংকার তারেক রহমানের নেতৃত্বে ঘোষিত বিএনপির ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে তিনি নিয়মিত গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। এতে স্থানীয় নেতাকর্মীরা মনে করছেন, বিগত দিনের তুলনায় তৃণমূলে আজম খানের প্রতি সমর্থন ও আস্থা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে।

সোমবার (১৯ আগস্ট) বিকেলে সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের গোসেরহাট থেকে গণসংযোগ শুরু করেন আজম খান। তিনি প্রথমে হযরত শাহমাহমুদ বাগদাদী (রহ.) এর মাজার জিয়ারত করেন। এরপর কুমারডুগি, জাফরবাড়ি, পল্লী বিদ্যুৎ, মোল্লা বাড়ি ও মহামায়া বাজার হয়ে পথসভা শেষে কর্মসূচি সমাপ্ত করেন।

গণসংযোগে আজম খান বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন গণতন্ত্রের প্রবর্তক। তিনি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। গত ৫ আগস্ট ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলনের মাধ্যমে আমরা স্বাধীনতা ও গণতন্ত্র পুনরুদ্ধার করেছি। কিন্তু এ গণতন্ত্র এখনো পূর্ণাঙ্গভাবে পাওয়া যায়নি। কারণ তার জন্য একটি সুষ্ঠু নির্বাচনে যাওয়া জরুরি। নির্বাচনের মাধ্যমেই গণতন্ত্রকে সুসংহত করা সম্ভব।

তিনি আরও বলেন, আমরা আশাবাদী যে বিএনপির ৩১ দফা বাস্তবায়ন এবং ধানের শীষের বিজয়ের মাধ্যমে নির্যাতন থেকে জনগণ মুক্তি পাবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে নির্যাতনের শিকার হয়েছেন, অথচ তার সুচিকিৎসার ব্যবস্থা করা হয়নি। এ প্রজন্ম দৃঢ়ভাবে বিশ্বাস করে, ধানের শীষে ভোট দিলে খালেদা জিয়াকে আবারও প্রধানমন্ত্রী হিসেবে দেখতে পারব।

আজম খান কর্মীদের উদ্দেশে আহ্বান জানিয়ে বলেন, এবারের নির্বাচন অত্যন্ত কঠিন। তাই দলে বিভাজন না করে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।

মৈশাদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অলিউল্লাহ পাটোয়ারী, শাহ্ মাহমুদপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি বাবুল মৃধা কালু, ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ কবির হোসেন, সিনিয়র সহ-সভাপতি ফখরুল আমিন সুমন, ৮ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক অলিউল্লাহ বেপারী, বিএনপি নেতা বাদল খানসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মীরা গণসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম