‘নতুন প্রজন্মকে মানব সমাজের সংগ্রামের ইতিহাস জানতে হবে’

চাঁদপুর : সাবেক সরাষ্ট্রমন্ত্রী ও চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম বলেছেন, আমাদের নতুন প্রজন্মকে মানব সমাজের সংগ্রামের ইতিহাস জানতে হবে। আর এই জানার জন্য বেশি করে বই পড়তে হবে। কারণ আমি নিজেও বই পড়ে পৃথিবীকে জেনেছি।

বুধবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে চাঁদপুরের হাজীগঞ্জ ফুড লাভারস পার্টি সেন্টারে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে হাজীগঞ্জ ফোরামের আয়োজনে তিনদিন ব্যাপী বই মেলার সমাপনী দিনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, বিশে^র বড় বড় লেখকের ইংরেজী ভাষার বইগুলো নতুন প্রজন্মকে পড়তে হবে। কারণ মানুষের জীবনের যোগসূত্র আছে। আমেরিকার একজন মানুষের জীবন সংগ্রামের কথাগুলো আমাদের সমাজের মানুষের মূল কথা একই। শুধুমাত্র ভাষা ভিন্ন। আল্লাহর সৃষ্ট জীবের জীবন নিয়ে চিন্তা করে দেখলে আমরা প্রত্যেকটি জীবের মিল খুঁজে পাব।

মেজর (অব.) রফিক বলেন, আমরা কেউই আল্লাহর কাছ থেকে বিচ্ছিন্ন নই। তিনি আমাদের সকলের সৃষ্টিকর্তা। প্রত্যেক জীবের জীবনের সম্পর্ক আছে। সেই জীবনকে শিখতে হবে এবং অনুধাবন করতে হবে।

হাজীগঞ্জ ফোরাম কর্তৃক এই প্রথম বই মেলার আয়োজন করা হয়। আয়োজকদের পক্ষ থেকে ৫জন লেখককে সম্মাননা দেয়া হয়। লেখকরা হলেন-দৈনিক চাঁদপুর কন্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদাত, ছড়াকার ও কবি পিযুষ কান্তি বড়ুয়া, লেখক ফরিদ হাসান, শিক্ষক ও লেখক মাইনুল ইসলাম মানিক এবং লেখক ও হাজীগঞ্জ ফোরামের সাধারণ সম্পাদক এসএম চিশতী।

সম্মাননার পরে অনুভূতি প্রকাশ করে বক্তব্য দেন কাজী শাহাদাত, পিযুষ কান্তি বড়ুয়া, মাঈনুল ইসলাম মানিক ও এসএম চিশতী।

লেখকদের অনুভূতি প্রসঙ্গে রফিকুল ইসলাম এমপি বলেন, আপনাদের বক্তব্যে জানতে পারলাম আপনারা জাতীয় পর্যায়ে পুরস্কার পেয়েছেন। এই প্রথম স্থানীয়ভাবে পুরস্কার পেয়েছেন। আমি মনে করে আপনি আন্তর্জাতিক ও জাতীয় পর্যায়ে যতই পুরস্কৃত হন কিন্তু নিজ গ্রামের পুরস্কারই হচ্ছে সবচাইতে বড়।

এ সময় তিনি নিজের পড়া বাংলা বইগুলোর নাম পরিচয় দিয়ে বর্ননা করেন এবং ইংরেজীতে লেখা বইগুলো নতুন প্রজন্মকে পড়ার জন্য আহবান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজীগঞ্জ ফোরামের প্রতিষ্ঠাতা ও সভাপতি ব্যারিস্টার শাহরিয়ার আহমেদ। সঞ্চালনায় ছিলেন বই মেলা উদযাপন কমিটির আহবায়ক মহিউদ্দিন আল আজাদ ও সদস্য জাহিদ হাসানের উপস্থাপনায় বিশেষ অতিথির বক্তব্য দেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপস শীল, অতিরিক্ত পুলশ সুপার (হাজীগঞ্জ ও ফরিদগঞ্জ সার্কেল) পঙ্কজ কুমার দে।

এছাড়ও শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য দেন শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের উপজেলা সভাপতি কাকৈরতলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মনিরুল ইসলাম।

ফম/এমএমএ/

সিনিয়র করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম